নিরাপত্তার চাদরে ময়মনসিংহের ত্রিশাল - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫৩, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিরাপত্তার চাদরে ময়মনসিংহের ত্রিশাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ২৩, ২০২৬ ৩:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ২৩, ২০২৬ ৩:৫৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় নজরুল জন্মজয়ন্তী উৎসব।

শনিবার (২৩ মে) জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে ত্রিশালের বৈলর ইউনিয়নে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ধরার খাল পুনর্খনন অনুষ্ঠানে উপস্থিত থেকে খাল খননের উদ্বোধন করবেন তিনি। এজন্য নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে পুরো ত্রিশাল।

শনিবার (২৩ মে) সকাল থেকে ধরার খালে গিয়ে দেখা যায়, বিপুল পরিমাণ উৎসুক জনতা খালের পাশে ভীড় জমিয়েছেন। তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে অপেক্ষা করছেন। বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খালের পাশসহ আশপাশের এলাকায় মোতায়েন রয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার (২৩ মে) সকাল ৯টায় সড়কপথে ত্রিশালের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১২টায় ত্রিশালের বৈলর ইউনিয়নে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ধরার খাল পুনর্খনন অনুষ্ঠানে উপস্থিত থেকে খাল খননের উদ্বোধন করার কথা রয়েছে। দুপুর ২টায় ত্রিশালের নজরুল ডাকবাংলোতে বিরতি শেষে বিকেল ৩টায় জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন। তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগদান করবেন তিনি। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় সড়ক পথে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, ২০০৬ সালের পর এবারই প্রথম জাতীয়ভাবে ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ উৎসবকে কেন্দ্র করে নজরুল একাডেমি মাঠে বসেছে বিশাল গ্রামীণ মেলা ও নজরুল বইমেলা। পাঁচ শতাধিক স্টল বসানো হয়েছে সেখান।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বৈলর, নজরুল একাডেমি মাঠ ও নজরুল অডিটোরিয়ামসহ গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সদস্য মোতায়েন করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ