নির্বাচনি সহিংসতা রোধে ঝালকাঠিতে একমঞ্চে ৬ রাজনৈতিক দলের অঙ্গীকার - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:১৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচনি সহিংসতা রোধে ঝালকাঠিতে একমঞ্চে ৬ রাজনৈতিক দলের অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫ ৫:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫ ৫:২২ অপরাহ্ণ

 

ঝালকাঠি প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠিতে রাজনৈতিক সম্প্রীতি জোরদার ও সহিংসতা রোধে সংলাপ। ছবি: খবরের কাগজ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠিতে রাজনৈতিক সম্প্রীতি জোরদার ও সহিংসতা রোধে একমঞ্চে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে ছয়টি রাজনৈতিক দল। ‘রাজনৈতিক সম্প্রীতি, সংলাপ’-এর মাধ্যমে দলগুলো শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ঝালকাঠি শহরের একটি কমিউনিটি সেন্টারে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের আয়োজনে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় এই সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ছয়টি রাজনৈতিক দলের জেলা পর্যায়ের সাধারণ সম্পাদকরা নিজ নিজ দলের অফিসিয়াল প্যাডে স্বাক্ষরিত চিঠি উপস্থাপন করেন। এসব চিঠিতে দলের সকল স্তরের নেতা-কর্মীদের সহিংসতা পরিহার, শান্তিপূর্ণ আচরণ বজায় রাখা এবং নির্বাচনি আইন ও বিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। পরে এসব চিঠির অনুলিপি সংলাপে উপস্থিত অংশগ্রহণকারীদের মাঝে বিতরণ করা হয়।

সংলাপে বক্তব্য দেন বিএনপির জেলা কমিটির সদস্য (দপ্তর) মিজানুর রহমান মুবিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার সেক্রেটারি ফরিদুল হক, ঝালকাঠি-২ আসনের গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মাহমুদুল হাসান সাগর, জেলা এনসিপি আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না, সিপিবি জেলা সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, বাসদ জেলা সমন্বয়ক রমজান আকন্দ এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উপপরিচালক দিপু হাফিজুর রহমান।

এছাড়াও মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সদস্য, নাগরিক সমাজের প্রতিনিধি, যুব প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কোথাও সহিংসতার আশঙ্কা বা পূর্বাভাস পাওয়া গেলে তা দ্রুত প্রতিরোধে সবাই সম্মিলিতভাবে উদ্যোগ নেবেন। ভিন্ন দলের মধ্যে উত্তেজনা বা সংঘাতের সূচনা হলেও আক্রমণাত্মক অবস্থান পরিহার করে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে। একই সঙ্গে অনলাইন ও অফলাইন কোনো মাধ্যমেই ঘৃণামূলক বা বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রচার না করার অঙ্গীকার করা হয়।

তারা আরও জানান, গত মাসে রাজনৈতিক দলগুলো সহিংসতাবিহীন ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করতে একটি যৌথ অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছিল। এই সংলাপে সেই অঙ্গীকার পুনরায় দৃঢ়ভাবে তুলে ধরা হয় এবং এর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

সংলাপ শেষে আয়োজকরা বলেন, দলীয় প্যাডে স্বাক্ষরিত এই চিঠিগুলো ঝালকাঠিতে রাজনৈতিক সম্প্রীতি ও জননিরাপত্তা রক্ষায় রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতার স্পষ্ট প্রমাণ। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ