নির্বাচনের পর দেশে ‘আরব বসন্ত’ হবে না: কাদের - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচনের পর দেশে ‘আরব বসন্ত’ হবে না: কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ১৭, ২০২৩ ৩:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ১৭, ২০২৩ ৩:১৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ভাগাভাগির নির্বাচন বলছে বিএনপি ও তার দোসররা। নির্বাচন বানচালে তারা যতই বাধা দিক নির্বাচন বাধাপ্রাপ্ত হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচন কমিশনের নিয়ম মেনে চলছে আওয়ামী লীগ। আর বিএনপি ও তার দোসররা নির্বাচন বানচালে প্রতিদিন আগুন দিচ্ছে। হরতাল-অবরোধ ডাকছে।

রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, শরিক ও মিত্রদের সঙ্গে সমঝোতা হওয়া আসনগুলোতে আওয়ামী লীগ নৌকা প্রত্যাহার করে নিবে। নির্বাচনের পর দেশে ‘আরব বসন্ত’ হবে, এমন উপাদান বাংলাদেশে নেই।

তিনি বলেন, জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে যাবে এমন তথ্য তার কাছে নেই। তাদের সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা আছে। এখানে কোনপ্রকার অশোভন পরিস্থিতির সৃষ্টি হয়নি। আমরা বসেই আলোচনা করেছি এবং শুধুমাত্র আসন ভাগাভাগি নয়, বিএনপি নির্বাচন বয়কট, প্রতিরোধের যে ডাক দিয়েছে এটা নিয়ে নির্বাচনে আসা সমমনা দলগুলোর সবার যে ঐক্য থাকা দরকার সে বিষয়েও কথা হয়েছে। আসন ছাড় ও প্রত্যাহারের বিষয়টি বিকেল ৪টার মধ্যে পরিস্কার হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ১৬ ডিসেম্বর বিজয়ের দিনকে এক বিএনপি নেতা পরাজয় দিবস বলছেন। পরাজয়তো বিএনপি ও জামাতের, পাকিস্তানের যারা দোসর। তারা মানুষের জন্য রাজনীতি করে না, গণতন্ত্রে তারা বিশ্বাস করে না। ষড়যন্ত্র সহিংসতা, গুপ্ত হামলা চালিয়ে নির্বাচন বানচালে তাদের রঙিন খোয়াব সফল হবে না।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ