নির্বাচনে গিয়ে আমরা বড় ধরনের ঝুঁকি নিয়েছি: জিএম কাদের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ২, ২০২৪ ৯:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ২, ২০২৪ ৯:১১ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করে বড় ধরনের ঝুঁকি নিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের লাঙ্গলের প্রার্থী জিএম কাদের।
সোমবার নির্বাচনী গণসংযোগকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জিএম কাদের।
সোমবার (১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর নগরীর আদালত চত্বরে নির্বাচনী গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
জিএম কাদের বলেন, আশা অনেক থাকলেও বেশির ভাগ সময়ই আমাদের নিরাশ হতে হয়েছে। তবে নির্বাচনে অংশ নিয়ে আমরা বড় ধরনের ঝুঁকি নিয়েছি এবং আমরা সফল হবো বলে আশা রাখছি।
ভোটে শেষ পর্যন্ত থাকবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন বলা যাচ্ছে না। আমাদের আরও অপেক্ষা করতে এবং শেষ পর্যন্ত দেখতে হবে। নির্বাচনের পরিবেশ নিয়ে আশঙ্কা তৈরি হলে কিংবা পরিস্থিতি স্বাভাবিক না থাকলে এবং নির্বাচনের ফলাফল নিয়ে আস্থাহীনতা তৈরি হলে তখন কি ধরনের সিদ্ধান্ত নেয়া হবে সেটি ভেবে দেখা হবে।
তিনি বলেন, অনেক সময় অনেক প্রার্থী নির্বাচনের শেষ পর্যন্ত থাকেন না। এক্ষেত্রে কেউ আনুষ্ঠানিক ঘোষণা দেন, আবার কেউ এমনিতেই চলে যান। যারা নির্বাচন করতে চান না, আমি তো তাদের জোর করে নির্বাচন করাব না। এটা তাদের অধিকার। তবে যারা নির্বাচনে এসেছেন শেষ পর্যন্ত তাদের ভোটের মাঠে থাকা উচিত। তবে ঘোষণা দিয়ে প্রত্যাহার করা শৃঙ্খলা পরিপন্থি।
কিছু জায়গায় ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা রয়েছে জানিয়ে তিনি বলেন, ভোটের মাঠে ব্যাপক উৎস উদ্দীপনা রয়েছে। সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে। তবে কিছু জায়গা নির্বাচনের ভালো পরিবেশ নেই। সে বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে জানাচ্ছি এবং তারা নির্বাচনের পরিবেশ সুষ্ঠু করার জন্য চেষ্টা করছে।
জনতার আওয়াজ/আ আ