নির্বাচন এখন সরকারের খেলায় পরিণত হয়েছে: ফখরুল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জুন ২৩, ২০২৩ ৮:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জুন ২৩, ২০২৩ ৮:৩১ অপরাহ্ণ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার জনগণের ভোটাধিকার হরণ করে আবার নির্বাচনের কথা বলে। এরা আবারও যেনতেন ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। নির্বাচন এখন সরকারের খেলায় পরিণত হয়েছে। শুক্রবার (২৩ জুন) বিকেলে ১০ দফা দাবিতে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক পদযাত্রা কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশের টাকা লুট করে বিদেশে পাচার করেছে সরকার, তারা ব্যাংক লুট করে নিয়েছে, অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। শিক্ষা ব্যবস্থা, বিচার বিভাগ, স্বাস্থ্য খাত সবই আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় টিকে আছে। এরা গায়ের জোরে কথা বলে। প্রতিবাদ করলে হামলা মামলা এমনকি গুম হয়ে যেতে হয়। পুলিশের কাছে ন্যায় বিচার নিয়ে মামলা করতে গেলে উল্টো মামলায় জড়ানো হয়। সব জায়গায় অনিয়ম।
তিনি বলেন, প্রধানমন্ত্রী এমন এমন কথা বলছেন যা দেশকে বিপদে ফেলছে। তিনি বলছেন, যুক্তরাষ্ট্র তাকে সরাতে চায়। কিন্তু এ ধরনের কথা একজন প্রধানমন্ত্রীর কাছে কেউ আশা করেনি। হাসিনা বুঝে গেছেন, আন্তর্জাতিক মহল তাকে আর ক্ষমতায় দেখতে চায় না, আন্তর্জাতিক সমর্থন হারিয়েছে বর্তমান সরকার, দেশের মানুষেরও সমর্থন নেই। দেশি-বিদেশি সবাই বলছে সরকারকে এখনই চলে যেতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। এই দেশে হাসিনার অধীনে কোন নির্বাচন হবেনা। তাদের অধীনে কোনকালেই নির্বাচন সুষ্ঠু হয়নি, হবেও না।
বিএনপি মহাসচিব বলেন, বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে বর্তমান সরকারকে সরাতে হবে। আন্দোলনকে সরকার ভয় পায় বলেই বিএনপি নেতাকর্মীদের আটকে রাখা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। নির্বাচনে বিএনপিকে বাইরে রাখতে সরকার আবারও নীল নকশা করছে। আমাদের পরিস্কার কথা, আমরা অবশ্যই নির্বাচনে যাব তবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে যে নির্বাচন হবে সে নির্বাচনে। আর বিএনপি ছাড়া এদেশে আর কোন ভোট হবে না, হতে দেওয়া হবে না।
রাজধানীর বাড্ডা সুবাস্তু নগরভ্যালী থেকে শুরু হয়ে পদযাত্রাটি মালিবাগ চৌধুরীপাড়া গিয়ে শেষ হয়। পাঁচ কিলোমিটার দীর্ঘ এ পদযাত্রায় সভাপতিত্ব করেন শ্রমিক দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কাজী শাহ আলম রাজা। পদযাত্রাপূর্বক সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের সদস্য সচিব আমিনুল হক, দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, মহানগর দক্ষিণের আহ্বায়ক সুমন ভূঁইয়া প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ