নির্বাচন নিয়ে টকশো-সংলাপে কটূক্তি নয়, নির্দেশ ইসির
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫ ৪:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫ ৪:৫৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বচন। একই দিনে গণভোটের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আর এই নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টেলিভিশন টকশো ও নির্বাচনি সংলাপে কোনো ধরনের কটূক্তি, হেয়প্রতিপন্ন বা ব্যক্তিগত আক্রমণমূলক বক্তব্য প্রচার না করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করে নির্বাচনি অনুষ্ঠান প্রচারের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন।
বুধবার (১৭ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনি পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলসমূহ তথ্য প্রচারের মাধ্যমে সব প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ সৃষ্টি করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান, সাক্ষাৎকার, টকশো ও নির্বাচনি সংলাপ প্রচারের সময় রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি সমান সুযোগ প্রদানের বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা–২০২৫-এর বিধি ২৫ অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী বা দলের প্রতিনিধি টেলিভিশন চ্যানেল কর্তৃক আয়োজিত নির্বাচনি সংলাপে অংশ নিতে পারবেন, তবে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কোনো বক্তব্য প্রদান করতে পারবেন না।
জনতার আওয়াজ/আ আ