পকেট কাটা এই সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না : প্রিন্স
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ১, ২০২৩ ৫:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ১, ২০২৩ ৫:০৭ অপরাহ্ণ

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে ‘জনগণের পকেট কাটা’ সরকার হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেছেন, ‘পকেট কাটা এই সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। অবিলম্বে তাদের পদত্যাগ করা উচিত।’
আজ বুধবার সকালে দলের কেন্দ্রীয়, জেলা ও মহানগর নেতৃবৃন্দকে নিয়ে আগামী ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ময়মনসিংহের বিভাগীয় সমাবেশের স্থান পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ পরিদর্শন শেষে প্রচার মিছিল, লিফলেট বিতরণ করে চরপাড়া মোড়ে পথসভায় এ কথা বলেন তিনি।
এমরান সালেহ প্রিন্স বলেন, ‘১৯ দিনের মাথায় বিদ্যুতের দাম আবারও বৃদ্ধি করে জনগণের পকেট কাটছে এই সরকার। বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে গণবিরোধী সরকার জনগণের ওপর যে বোঝা চাপিয়ে দিয়েছে, তাতে চরম দুর্ভোগে থাকা জনগণ দিশেহারা হয়ে পড়েছে। সরকার ও তার অনুগতদের দুর্নীতি, লুটপাটের খেসারত দিতে হচ্ছে জনগণকে।’
তিনি অবিলম্বে বিদ্যুতের দাম কমানোর দাবি এবং ৪ ফেব্রুয়ারি বিভাগীয় সমাবেশ সফল করে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ জানাতে জনসাধারণের প্রতি আহ্বান জানান।
বিএনপির এই নেতা বলেন, ‘মানুষ বর্তমান সরকারের অধীনে নির্বাচন চায় না। আজ বিভিন্ন উপনির্বাচনে ভোটাররা ভোটকেন্দ্রে উপস্থিত না হয়ে প্রত্যাখ্যানের মাধ্যমে আবারও তা জানান দিয়েছে। সরকার ভোটাধিকার কেড়ে নিয়ে জনগণের কাছ থেকে দেশের মালিকানা কেড়ে নিয়েছে। এ সরকারের অধীনে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে পারে না। দেশে-বিদেশে কেথাও এই সরকারের বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা নেই।’
দেশের মালিকানা জনগণের কাছে ফেরত দিতে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সফল করতে নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও জনসাধারণের প্রতি আহ্বান জানান তিনি।
মাঠ পরিদর্শন, প্রচারপত্র বিতরণ, প্রচার মিছিলে অন্যদের মধ্যে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, শরীফুল আলম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, আলমগীর মাহমুদ আলম, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ আমজাদ ফারজানা রহমান হোসনা, শামিম আজাদ, মাহবুবুল আলম, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান রোকন, জেলা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানা, মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন, তানভির আহমেদ রবিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও নেতৃবৃন্দ দুপুরে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি ও উত্তর জেলা ছাত্রদলের প্রস্তুতিসভায় যোগ দিয়ে ৪ ফেব্রুয়ারি ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদার করার আহ্বান জানান ।
জনতার আওয়াজ/আ আ