পবিত্র ঈদুল ফিতরের প্রাক্কালে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে : ফখরুল - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৫৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পবিত্র ঈদুল ফিতরের প্রাক্কালে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ২১, ২০২৩ ৫:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ২১, ২০২৩ ৫:১১ অপরাহ্ণ

 

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিনকে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, রমজান মাসে পবিত্র ঈদুল ফিতরের প্রাক্কালে মুসলমান নর-নারী যখন আনন্দ উৎসবের আমেজে থাকে তখন আওয়ামী অবৈধ সরকার অমানবিকভাবে বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারের খেলায় মেতে উঠেছে। গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের পরিবারগুলো যখন গ্রেপ্তার হওয়া স্বজনদের কাছে না পাওয়ার বেদনায় ভোগে তখন ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ পুলিশ বাহিনী উল্লসিত হয়। বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনসহ বিরোধীদলের নেতাকর্মীদের ওপর হামলা এবং হত্যা, গুমসহ অব্যাহত গতিতে তাদের গ্রেপ্তার করে কারান্তরীণের মাধ্যমে গোটা দেশকেই কারাগারে রূপান্তরিত করেছে নিশিরাতের সরকার।

তিনি বলেন, বর্তমান সময়ে এই গ্রেপ্তারের ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে। এ ধরনের অপকর্ম সরকারের চলমান প্রক্রিয়ায় পরিণত হয়েছে। স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি এ এ জহির উদ্দিন তুহিনকে গ্রেপ্তারের ঘটনা সেই চলমান প্রক্রিয়ারই অংশ।

ঈদুল ফিতরের প্রাক্কালে এ এ জহির উদ্দিন তুহিনকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তির দাবি জানান মির্জা ফখরুল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ