পরিকল্পিত হত্যার ষড়যন্ত্র ছাড়া কিছু নয়: মামুনুল হক - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৭, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পরিকল্পিত হত্যার ষড়যন্ত্র ছাড়া কিছু নয়: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ৩০, ২০২৫ ৪:৪৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ৩০, ২০২৫ ৪:৪৪ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর ও তার সহকর্মীদের ওপর হামলা ছিল পরিকল্পিত হত্যার ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়।

তিনি দাবি করেন, সরাসরি জাতীয় গণমাধ্যম ও সাংবাদিকদের উপস্থিতিতে দেশের বরেণ্য রাজনৈতিক নেতার ওপর সেনা সদস্যরা হামলা চালিয়েছে, যা কল্পনাতীত ও বাংলাদেশের মানুষের শেষ আস্থার জায়গা সেনাবাহিনীকে কলঙ্কিত করেছে।

শুক্রবার (৩০ আগস্ট) রাত পৌনে ১টার দিকে গণঅধিকার পরিষদের সভাপতি সাবেক ভিপি নূরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে এসে এক প্রতিক্রিয়ায় মাওলানা মামুনুল হক এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, যেভাবে হামলা হয়েছে, তাতে স্পষ্ট হয়েছে আমরা রাজনৈতিকভাবে আমাদের জীবন নিয়ে সংকটে আছি। এই হামলা মনে করিয়ে দিয়েছে, পুলিশের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। সেনাবাহিনীর সদস্যরা সরাসরি জাতীয় মিডিয়ার সামনে একজন শীর্ষ রাজনৈতিক নেতার ওপর হামলা চালাতে পারে—এটি সভ্য পৃথিবীতে অকল্পনীয়।

তিনি অভিযোগ করেন, পরাজিত শক্তি জুলাই বিপ্লবীদের কাছ থেকে প্রতিশোধ নিতে বারবার উদগ্রীব হয়ে উঠেছে। আজ ভিপি নুরুল হক নুর, তার সেক্রেটারি রাশেদ খান ও নেতাকর্মীদের ওপর যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, তাদের ক্ষতবিক্ষত করে হাসপাতালে পাঠানো হয়েছে—এটি আসলে একটি টেস্ট কেস। তারা যদি এভাবে পার পেয়ে যায়, তবে জুলাই বিপ্লবের কোনো অংশীজনই নিরাপদ থাকবে না।

হেফাজতের যুগ্ম মহাসচিব বলেন, আজ আমাদের সিদ্ধান্ত নিতে হবে—জুলাই বিপ্লব সফল হবে না ব্যর্থ হবে? আমরা সহস্রাধিক তাজা প্রাণের রক্তের বিনিময়ে বাংলার মাটি থেকে ফ্যাসিবাদ উৎখাত করেছি। অথচ এক বছর পূর্ণ হওয়ার আগেই আগস্ট মাসে আবারও আমাদের নেতাদের রক্তাক্ত করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো।

মাওলানা মামুনুল হক আরও দাবি করেন, এই হামলার মাধ্যমে দেশকে গভীর সংকটের মুখে ঠেলে দেওয়া হয়েছে। তিনি দেশপ্রেমিক, রাজনৈতিক ও সামাজিক সব পক্ষ এবং সারাদেশের ছাত্র-জনতাকে সতর্ক থাকার আহ্বান জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ