পরিবারসহ খাইরুজ্জামান লিটনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ৬, ২০২৫ ৩:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ৬, ২০২৫ ৩:৩৭ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ. এইচ. এম খাইরুজ্জামান লিটন, তাঁর স্ত্রী শাহীন আক্তার, দুই কন্যা আনিকা ফারিহা জামান ও মায়সা সামিহা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা কমিশনের উপ-পরিচালক আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, দুদকের উপ-পরিচালক মোজাম্মিল হক রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটন এবং তার স্ত্রী ও দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন। আদালত আবেদন মঞ্জুর করেছেন।
আবেদনে বলা হয়েছে, খায়রুজ্জামান লিটনসহ ছয়টি সংসদীয় আসনের সাবেক আট সংসদ সদস্যের বিরুদ্ধে ৬ হাজার কোটি টাকার সম্পদ ফেলে আত্মগোপনে যাওয়ার অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে জানা গেছে, খাইরুজ্জামান লিটন ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে। খাইরুজ্জামান লিটন ও তার স্ত্রী শাহীন আক্তার দেশ ছেড়ে স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন বলে অনুসন্ধানকালে জানা গেছে। তারা বিদেশে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।
জনতার আওয়াজ/আ আ