পল্টন মোড় ছাড়লেন গণঅধিকার পরিষদের নেতারা, শুক্রবার শাহবাগে সমাবেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পল্টন মোড় ছাড়লেন গণঅধিকার পরিষদের নেতারা, শুক্রবার শাহবাগে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫ ৮:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫ ৮:২৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
তিন দফা দাবির বাস্তবায়ন চেয়ে রাজধানীর পল্টন মোড়ের অবরোধ প্রত্যাহার করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় কর্মসূচি প্রত্যাহার করা হয়। এতে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

পল্টন মোড়ে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশে থেকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ চৌদ্দ দলের রাজনীতি নিষিদ্ধ, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলাকারীদের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া হয়। আর জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিকাল ৩টায় শাহবাগে ‘ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক সংহতি সমাবেশ’ কর্মসূচি ঘোষণা করেন রাশেদ খান। তিনি জানান, সেখানে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সব দল অংশ নেবে।

বুধবার বিকালে তিন দাবিতে ওই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে গণঅধিকার পরিষদ। বিকাল ৫টায় বিজয়নগর দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা পল্টন মোড়ে অবস্থান নেন। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এতে চার পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সন্ধ্যা ৬টায় জনদুর্ভোগের কথা বিবেচনা করে অবরোধ প্রত্যাহার করেন রাশেদ খান।

তিনি বলেন, আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির কার্যক্রমও দ্রুত নিষিদ্ধ করতে হবে। কারণ তারা এ দেশের দল নয়, ভারতের দল। শুধু তাই নয়, ফ্যাসিস্টের দোসর চৌদ্দ দলের শরিক দলগুলোকেও নিষিদ্ধ করতে হবে, না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

নুরের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি করায় সরকারকে ধন্যবাদ জানান রাশেদ খান। তিনি বলেন, আমাদের কার্যালয়ের দরজা ভেঙে হামলা করা হয়েছে। এ ধরনের ঘটনা আর হতে দেওয়া হবে না।

অবরোধ কর্মসূচি করায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আমরা সরকারকে সহযোগিতা করছি। আমরা চাই না, আপনারা ব্যর্থ হন। আমরা চাইলে জাতীয় পার্টির কার্যালযের একটি ইটও থাকতো না। আমরা আইনকে অমান্য করিনি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন– গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপিত ফারুক হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন ও দফতর সম্পাদক শাকিল উজ-জামানসহ কেন্দ্রীয় নেতারা।

এর আগে সংক্ষিপ্ত সমাবেশে নুরুল হক নুরের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং তাকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন গণঅধিকার পরিষদের নেতারা। হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

নেতারা বলেন, ‘এ হামলার দায় স্বরাষ্ট্র উপদেষ্টার ওপর বর্তায়। তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। পাশাপাশি ফ্যাসিবাদী আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ