পাঁচ সিটির ভোট জাতীয় নির্বাচনকে উৎসাহিত করবে: সিইসি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:২৮, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পাঁচ সিটির ভোট জাতীয় নির্বাচনকে উৎসাহিত করবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ২১, ২০২৩ ৯:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ২১, ২০২৩ ৯:৩৩ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ

পাঁচ সিটির ভোট জাতীয় নির্বাচনকে উৎসাহিত করবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, সার্বিক মূল্যায়নটা হচ্ছে পাঁচ সিটির নির্বাচন ভালো হয়েছে। এই নির্বাচন জাতীয় নির্বাচনকে উৎসাহিত করবে। ভোটাররা কেন্দ্রে যেতে আগ্রহবোধ করবেন। তারপরও ভবিষ্যতেরটা ভবিষ্যতে দেখব। বুধবার রাজধানীর আগারাগাওঁয়ে নির্বাচন ভবনে রাজশাহী ও সিলেট সিটির ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাবিবুল আউয়াল বলেন, আমরা নিশ্চত করে কিছু বলব না। জিনিসটা উন্নয়নের দিকে যাচ্ছে, যারা রাজনীতিবিদ, প্রার্থী হবে, ভোটাররা; তাদের সকলের মধ্যে একটা ইতিবাচক চিন্তা-চেতনা সৃষ্টি হতে পারে। ভোটপ্রদান ও ভোটগ্রহণকে উৎসাহিত করবে।
রাজশাহী সিটির ভোটে এক নারী বারবার গোপনকক্ষে প্রবেশ করায় ভোটগ্রহণ কর্মকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কি-না, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, সেটা আমরা তদন্ত করব। সিসি ক্যামেরায় আমরা দেখেছি একজন মহিলা একাধিকবার ভেতরে যাচ্ছেন। ৫ থেকে ১০ মিনিটের মধ্যে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আধাঘণ্টা পর জানতে পেরেছি বিচারিক ম্যাজিস্ট্রেট তাকে তিনদিনের সাজা দিয়েছে। এটা একটা দৃষ্টান্ত হতে পারে যে, ম্যালপ্র্যাকটিসের জন্য সাজা হতে পারে। তবে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা দেখল না কেন, আমরা সেটা তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেব।
সিইসি বলেন, রাজশাহীতে অনুমানিক ৫২ থেকে ৫৫ শতাংশ উপস্থিতি হয়েছে। সিলেটে কমবেশি ৪৬ শতাংশ উপস্থিতি জানতে পেরেছি। কিছুটা হেরফের হতে পারে। এছাড়া বাসাইল পৌরসভা নির্বাচনও ভালো হয়েছে বলে জানান তিনি। বলেন, ৭০ শতাংশ ভোটার উপস্থিতি হয়েছে। এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, শতভাগ ভোট কখনোই নিশ্চিত হয়নি। পৃথিবীর কোথাও শতভাগ ভোট পড়ে না। ৫০ শতাংশ ভোট গুড এনাফ। ৬০-৭০ শতাংশ হলে এক্সিলেন্ট। আমরা চেষ্টা করে যাব।

দিনভর কমিশন রাজশাহী-সিলেট নির্বাচন মনিটরিং করছে জানিয়ে সিইসি বলেন, আমি বলব, নির্বাচন অবাধ, সুষ্ঠু, আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। আধাঘন্টা প্রবল বৃষ্টির কারণে কিছুটা ব্যাঘাত হয়েছে। তবে ভোটগ্রহণ বন্ধ হয়নি। স্বাভাবিকভাবেই নির্বাচন হয়েছে। আমরা যে কারণে সন্তুষ্ট বোধ করছি, কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যেটা নির্বাচনে প্রত্যশা থাকে, ভোটার অবাধে এসে ভোট দিতে পারেন কি-না, সেই প্রশ্নে আমরা বলব, তারা এসেছেন। অবাধে ভোটাধিকার প্রয়োগ করেছেন। কোথাও বাধাপ্রাপ্ত হওয়ার খবর আমরা পাইনি। আমরা মিডিয়ার মাধ্যমে নজর রাখছিলাম। সেখানে প্রতিবেদকরা অপ্রীতিকর ঘটনার কোনো সংবাদ দেয়নি। আমরা মনে করি সার্বিকভাবে আজকের নির্বাচন ভালো হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ