পাবনা-৪ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে ঈশ্বরদীতে মশাল মিছিল - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৩০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পাবনা-৪ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে ঈশ্বরদীতে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ২৪, ২০২৫ ১১:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ২৪, ২০২৫ ১১:৪৫ অপরাহ্ণ

 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
ছবি: সংগৃহীত

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে ঈশ্বরদীতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ঈশ্বরদীতে এ মিছিল অনুষ্ঠিত হয়।

পাবনা-৪ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের নাম বাদ দিয়ে ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুকে প্রার্থী ঘোষণার দাবিতে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এই মশাল মিছিল বের করা হয়।

একই দাবিতে ২১ নভেম্বর রাতে আটঘরিয়া উপজেলায় মশাল মিছিল বের করে জাকারিয়া পিন্টুর অনুসারী বিএনপি নেতা-কর্মীরা।

গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন। দেশের ৩০০টি আসনের মধ্যে ২৩৭টিতে সম্ভাব্য প্রার্থী ঘোষিত হয়। পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের নাম ঘোষণা করা হয়।

সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণার পর জাকারিয়া পিন্টু ও তার অনুসারীরা প্রার্থী পরিবর্তনের দাবিতে আন্দোলন শুরু করে। ৩ নভেম্বরের পর থেকে প্রায় প্রতিদিনই তারা হাবিবুর রহমান হাবিবকে বাদ দিয়ে পাবনা-৪ আসনে জাকারিয়া পিন্টুর নাম ঘোষণার দাবি জানাচ্ছেন। ঈশ্বরদী ও আটঘরিয়ায় এ দাবিতে বিক্ষোভ মিছিল, সভা ও সমাবেশ এখনো চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় সোমবার ঈশ্বরদীতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

মশাল মিছিলটি শহরের আলহাজ্ব মোড় থেকে শুরু হয়ে ঈশ্বরদী-পাবনা সড়ক ধরে রেলগেট সংলগ্ন খায়রুজ্জামান বাবু কেন্দ্রীয় বাসটার্মিনালে এসে পথসভায় পরিণত হয়।

পরে শহিদ মিনার চত্বরে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা, আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এস. এম. ফজলুর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান সোনামণি। পথসভা পরিচালনা করেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল।

বক্তারা বলেন, ‘হাবিবুর রহমান হাবিবের কারণে ঈশ্বরদী ও আটঘরিয়া বিএনপি দ্বিধা-বিভক্ত। তার কারণে বারবার এই আসন হারাতে হয়েছে। এবারও আসনটি হারাতে হতে পারে যদি প্রার্থী পরিবর্তন করা না হয়। আমরা চাই হাবিবুর রহমান হাবিবের নাম বাদ দিয়ে ঈশ্বরদী ও আটঘরিয়ার বাসীর প্রিয় ও দলের জন্য নিবেদিত প্রাণ জাকারিয়া পিন্টুকে পাবনা-৪ আসনের চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হোক।’

এই কর্মসূচিতে উপজেলা, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ