পুতিনের বরখাস্তের কয়েক ঘন্টার মধ্যেই রুশ মন্ত্রীর আত্মহত্যা - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পুতিনের বরখাস্তের কয়েক ঘন্টার মধ্যেই রুশ মন্ত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫ ১২:২৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫ ১২:২৩ পূর্বাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক
ফাইল ছবি

পুতিনের আদেশে বরখাস্ত হয়েছিলেন রাশিয়ার সাবেক পরিবহনমন্ত্রী রোমান স্তারোভইত। বরখাস্তের কয়েক ঘন্টার মধ্যেই আত্মহত্যা করলেন এই মন্ত্রী। সোমবার (৭ জুলাই) এমনটায় জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

এদিন সকালে পুতিন এক সরকারি ডিক্রির মাধ্যমে স্তারোভইতকে বরখাস্ত করেন। ক্রেমলিনের অফিসিয়াল ওয়েবসাইটে বরখাস্তের ঘোষণা প্রকাশিত হয়। তার স্থলে অস্থায়ীভাবে দায়িত্ব পান উপমন্ত্রী আন্দ্রে নিকিতিন।

প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের কাছে সাংবাদিকরা স্তারোভইতের বরখাস্তের কারণ জানতে চাইলে বলেন, এটি ‘আস্থা হানির’ কারণে নয়। তবে তিনি কোনো বিকল্প কারণও উল্লেখ করেননি।

রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, স্তারোভইতের মরদেহ একটি গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। তার দেহে গুলির চিহ্ন ছিল। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে।

মন্ত্রী হওয়ার আগে রোমান স্তারোভইত ছিলেন রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় কুরস্ক অঞ্চলের গভর্নর। অঞ্চলটিতে ইউক্রেনের আকস্মিক অনুপ্রবেশের আগেই তিনি পদত্যাগ করেন, তবে নিরাপত্তা ব্যর্থতার কিছুটা দায় তার ওপর বর্তানো হয়েছিল।

এই বরখাস্ত ও মৃত্যুর ঘটনা ঘটে এমন এক সময়, যখন রাশিয়ার আকাশপথে বহু দিনের ভ্রমণব্যবস্থায় বিশৃঙ্খলা চলছে। রুশ ফেডারেল এজেন্সি ফর এয়ার ট্রান্সপোর্ট জানায়, শুধু গত এক সপ্তাহেই ৪৮৫টি ফ্লাইট বাতিল, ৮৮টি ফ্লাইট অন্যত্র পাঠানো হয়েছে এবং প্রায় ১,৯০০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।

সংস্থাটি জানায়, ফ্লাইট বাতিলের পেছনে রয়েছে ‘বহিরাগত হস্তক্ষেপ’, যদিও বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একই সময়ে ইউক্রেন রাশিয়ায় ৪ শতাধিক দূরপাল্লার হামলা চালিয়েছিল, তবে সেগুলোর বেশিরভাগই প্রতিহত করা হয়েছে। সূত্র: সিএনএন

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ