প্রতিহিংসা-হিংস্রতা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে: জি এম কাদের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুলাই ১২, ২০২৫ ৪:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুলাই ১২, ২০২৫ ৪:৩৫ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
রাজধানীর মিটফোর্ড হাসপাতাল সংলগ্ন এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। শনিবার (১২ জুলাই) এক বিবৃতিতে তিনি নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। একইসঙ্গে হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মব ভায়োলেন্সের নামে মানুষ হত্যা ও দেশব্যাপী চরম নৈরাজ্যকর পরিস্থিতিতে তিনি গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের এমন ভয়ার্ত পরিস্থিতির জন্য ১৯৭১ এর দেশের স্বাধীনতা সংগ্রাম ও ২৪ সালের গণঅভ্যুত্থানে জীবন দেয়নি এদেশের সূর্যসন্তানরা। মানুষে মানুষে ঘৃণা, বিদ্বেষ, প্রতিহিংসা ও হিংস্রতা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
তিনি বলেন, আইন ও সালিশ কেন্দ্র আসকের বরাত দিয়ে গণমাধ্যমের সংবাদে প্রকাশ, গত ১০ মাসে মব ভায়োলেন্সে সারা দেশে হত্যা করা হয়েছে ১৭৪ জনকে। প্রাপ্ততথ্যে জানা যায়, ঢাকা বিভাগে ৮০, খুলনা বিভাগে ১৪, রাজশাহী বিভাগে ১৬, রংপুর বিভাগে ৭, সিলেট বিভাগে ৫, চট্টগ্রাম বিভাগে ২৯, বরিশাল বিভাগে ১৭ এবং ময়মনসিংহ বিভাগে ৬ জন নির্মম হত্যার শিকার হয়েছেন। মব ভায়োলেন্সে হত্যার তথ্যে ও সার্বিক রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের সম্প্রীতির ঐতিহ্য ধংস হয়ে যাচ্ছে।
গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাবৃন্দ, সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের কড়া হুঁশিয়ারিতেও কমছে না ভয়ার্ত ও ঘৃণ্য মব ভায়োলেন্স। সারা দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। মব ভায়োলেন্স সৃষ্টিকারী সন্ত্রাসীদের আইনের আওয়তায় এনে দেশে নিরাপদ পরিস্থিতি সৃষ্টিতে কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন গোলাম মোহাম্মদ কাদের।
জনতার আওয়াজ/আ আ