প্রধান বিচারপতির বাসভবনে হামলা, চলছে সংঘর্ষ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:১৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধান বিচারপতির বাসভবনে হামলা, চলছে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ২৮, ২০২৩ ২:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ২৮, ২০২৩ ২:৩৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

কাকরাইল মোড়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে এই ঘটনা ঘটে। কাকরাইল মোড় থেকে গণমাধ্যমকর্মীরা জানান, দুপুরের দিকে প্রথমে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ শুরু হয়। কাকরাইল এলাকায় এই সংঘর্ষ এখনও চলছে।

সংঘর্ষ চলাকালে একদল লোক প্রধান বিচারপতির হেয়ার রোডের বাসভবনের মূল ফটক ভেঙে ভেতরে ঢুকে যায়। এ সময় তারা বাসভবনের দিকে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। দুপুর ১টা ২০ মিনিটে শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মিছিল মগবাজার থেকে কাকরাইলের দিকে যাওয়ার সময় দুইটি নীল পিকআপ-গাড়ি আটকে ভাঙচুর চালিয়ে পালিয়ে যায়। একই সময়ে কাকরাইল মোড়ে বৈশাখী পরিবহনের একটি বাস ভাঙচুর করা হয়েছে। তবে কে বা কারা বাসটিতে ভাঙচুর করেছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। ভাঙচুরের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তিকে আটক করে তারা।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির নাম পরিচয় তারা এখনো নিশ্চিত করতে পারেনি। এছাড়া কোন দলের লোকজন এই গাড়িটিতে ভাঙচুর করেছে তা তারা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। তবে মিছিলটি বিএনপির ছিল। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর এসব তথ্য জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে রাজধানীতে বড় দুই রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত রাজপথ। সমাবেশ ঘিরে নগরবাসীর নিরাপত্তায় রাজধানীর প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে ইতোমধ্যেই বিএনপির মহাসমাবেশ নেতাকর্মীদের ঢল নেমেছে। লোকারণ্য নয়াপল্টন। অপরদিকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের সামনে শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আওয়ামী লীগ ও বিএনপি বাদেও আজ রাজধানীতে আরও ৩০টি সমাবেশ হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ