ফটোজার্নালিস্টদের ছবি সংরক্ষণের ব্যবস্থা হবে: শারমিন এস মুরশিদ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মে ২৯, ২০২৫ ১২:২৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মে ২৯, ২০২৫ ১২:৩০ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, ফটোজার্নালিস্টদের তৈরি করা ছবি দিয়ে সাইবার স্পেসে সংরক্ষণের ব্যবস্থা করা হবে; যাতে আমরা সংগ্রামী চিত্রগুলো যুগ যুগ ধরে খুঁজে পাই।
বুধবার (২৮ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের জাতীয় আলোকচিত্রের ‘রূপসী বাংলা প্রদর্শনীতে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে দুজন ফটোসাংবাদিককে সম্মাননা দেওয়া হয় এবং সেরা তিনজনকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় ঘোষণা করা হয়।
শারমিন এস মুরশিদ বলেন, আলোকচিত্র একটি অত্যন্ত ক্ষমতাশালী মাধ্যম। একটি ছবি হাজারটা কথা ব্যক্ত করতে পারে। আপনারা যারা এই দক্ষতা ধারণ করেন এবং এই ইতিহাস যুগ যুগ ধরে ছবির মধ্য দিয়ে রক্ষা করছেন, তারা হলেন ফটোসাংবাদিক। ফটোসাংবাদিকদের এই আজকের ‘রূপসী বাংলা` প্রদর্শনীতে বাংলার রূপ মানুষের সম্মুখে আনতে চায়।
আলোকচিত্রীদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, আপনাদের কাছে আমার একটা ছোট দাবি আছে- শুধু নির্যাতন বর্বরতার ছবি নয়, আমাদের আশার আলো দেখান। আমরা এই দেশটাকে সুন্দর, সুরক্ষিত করে গড়ে তোলার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি। এই দেশটাকে সুন্দর করে গড়ে তোলার দ্বিতীয়বার যে সুযোগ পেয়েছি। আপনারা মেধাবী, যে পেশায় বিরাজমান সেই ক্ষমতায় আমাদের পাশে দাঁড়ান। আমরা দেশটাকে নতুন করে গড়ে তুলবো। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার ঊর্ধ্বে গিয়ে দেশের ভালো কাজে হোক আমাদের রাজনীতি।
জাতীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও কালের কন্ঠের সম্পাদক হাসান হাফিজ বলেন, আমি ফটোজার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সঙ্গে সব সময় প্রত্যক্ষভাবে জড়িত। তারা সবসময় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। একটা ছবির আবেগ অনেক বেশি। একটা ছবির জন্য পরিশ্রম করতে হয় শহর, গ্রাম-গঞ্জে ছুটে বেড়ান। তাদের এই পরিশ্রমের ফসল ছবির মাধ্যমে আমরা দেখতে পাই।
বাংলাদেশ ফটোজার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম মহসীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- প্রজাতন্ত্র কিউবার অনারারী কনস্যুল ওবেইদ জায়গীরদার, বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী, বিপিজেএর সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, সিনিয়র সহসভাপতি মশিউর রহমান সুমন, সিনিয়র যুগ্মসম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম সজল, সাংগঠনিক সম্পাদক সালেকুজ্জামান চৌধুরী রাজিব, কোষাধ্যক্ষ নাসিম শিকদার, প্রচার সম্পাদক সৌরভ লস্করসহ বিপিজে সদস্যরা।
জনতার আওয়াজ/আ আ