ফিরল ২০০৯ সালের মানবাধিকার কমিশন আইন - জনতার আওয়াজ
  • আজ রাত ১:১৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফিরল ২০০৯ সালের মানবাধিকার কমিশন আইন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬ ৪:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬ ৪:১৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হয়েছে ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল, ২০২৬’, যার মাধ্যমে ২০০৯ সালের মানবাধিকার কমিশন আইন পুনর্বহাল করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিলটি উত্থাপন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের জারি করা ‘জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ রহিত করে পূর্বের আইন পুনঃপ্রচলন জরুরি হয়ে পড়েছিল, যাতে কমিশনের কার্যক্রমে কোনো শূন্যতা সৃষ্টি না হয়।

আইনমন্ত্রী বলেন, ‘সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আরও পরামর্শ ও যাচাই-বাছাইয়ের সুযোগ রাখতেই আপাতত ২০০৯ সালের আইন ফিরিয়ে আনা হয়েছে।’

তবে বিলটি উত্থাপনের পরপরই বিরোধী দলের পক্ষ থেকে তীব্র আপত্তি তোলা হয়। কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দাবি করেন, অতীতে এই আইন ব্যবহার করে বিরোধী দল ও মত দমনের অভিযোগ রয়েছে।

তিনি বলেন, ‘২০২৫ সালের অধ্যাদেশ বাতিল করে পুরোনো আইনে ফিরে যাওয়া একটি ‘পশ্চাৎমুখী পদক্ষেপ’ এবং এটি দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারে।’

এর জবাবে আইনমন্ত্রী বিরোধী সদস্যের বক্তব্যকে রাজনৈতিক বলে মন্তব্য করেন এবং বলেন, ‘বিলের মূল উদ্দেশ্য হলো মানবাধিকার কমিশনের ধারাবাহিকতা বজায় রাখা।’

তিনি আরও বলেন, ‘আইনটি পুনর্বহাল না করলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশে মানবাধিকার কমিশনের অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠতে পারত।’

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ ডিসেম্বর অন্তর্বর্তী সরকার ২০০৯ সালের আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করেছিল। নতুন বিল পাসের মাধ্যমে সেই অধ্যাদেশ বাতিল হলো এবং আগের আইনি কাঠামো পুনরায় কার্যকর হলো।

বিলটি পাসের মধ্য দিয়ে মানবাধিকার কমিশনের কার্যক্রম অব্যাহত রাখার পথ সুগম হলো বলে মনে করছে সরকার, যদিও এ নিয়ে রাজনৈতিক বিতর্ক অব্যাহত রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ