ফি-ফায়ার গেম খেলা হচ্ছে বলেই পিস্তল তাক, অতঃপর ৫জনের মোবাইল ছিনতাই
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুলাই ২৭, ২০২২ ২:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুলাই ২৭, ২০২২ ২:৪২ অপরাহ্ণ

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি ঃ পটকা ফুটিয়ে আতংক সৃষ্টি করে পিস্তল ঠেকিয়ে অভিনব কায়দায় ৫জনের কাছ থেকে এনড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধারাতে ময়মনসিংহের ভালুকার দক্ষিন রাংচাপড়া এলাকায়।
স্থানীয়রা জানায়, ঘটনার সময় ৪/৫জনের একটি সশস্ত্র ছিনতাইকারী ভালুকা-গফরগাঁও সড়কের দক্ষিন রাংচাপড়া এলাকায় এসে জনৈক জালাল উদ্দিনের দোকানের কিছুটা সামনে এসে প্রাইভেট থামিয়ে একটি পটকার বিষ্ফোরন ঘটায়। সাথে সাথে প্রাইভেটকারটি পুনরায় পিছনের দিকে ঘুরিয়ে জালাল উদ্দিনের মুদি দোকানের সামনে এসে দাঁড় করায়। পরে প্রাইভেট কার থেকে পিস্তল হাতে তিনজন নেমে সোজা দোকানের সামনে আসে। এ সময় দোকানে বসে থাকা লোকজনের কাছে নিজেদেরকে পুলিশের লোক দাবী করে এবং অভিযোগ করে এখানে নিষিদ্ধ গেম ফি-ফায়ার খেলা হচ্ছে।
এই বলে সবাইকে মোবাইল দিতে বলে এবং তিনজন পিস্তল তাক করে। দোকানদারকে চুপ করে বসে থাকতে বলে দোকানের সামনে বসে থাকা ৫জনের কাছ থেকে ৫টি এনড্রয়েড মোবাইল সেট নিয়ে গেম চেক করে আধা ঘন্টা পরে ফিরিয়ে দেয়ার কথা বলে প্রাইভেটকার যোগে পালিয়ে যায়। উপস্থিত লোকজন হতভম্ব হয়ে এক পর্যায়ে ৯৯৯এ ফোন দেয়। ফোনে খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মোবাইল মালিক হৃদয়,রাশেদ,রাকিব,বিজয় ও বাবুকে বিস্তারিত তথ্য জানতে থানায় নিয়ে আসে।
রাতে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। উল্লেখ্য সপ্তাহ খানেক পুর্বে ভালুকা বাসস্ট্যান্ড সংলগ্ন প্রদীপ জুয়েলার্সে ককটেল বিষ্ফোরন ঘটিয়ে দোকান লুট করে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের গুলিতে জুয়েলারী দোকানের মালিক গুরুতর আহত হয়। কাছাকাছি সময়ে দু’টি ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ ও আতংক দেখা দিয়েছে। মোবাইল ছিনতাইয়ের বিষয়টি সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।
জনতার আওয়াজ/আ আ