ফেনী জেলা যুবদল সভাপতিকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফেনী জেলা যুবদল সভাপতিকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ২৪, ২০২২ ৩:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ২৪, ২০২২ ৩:৩৮ অপরাহ্ণ

 

স্টাফ করেসপডেন্ট

ফেনী জেলা যুবদলের সভাপতি ও সাবেক ধলিয়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জসিমকে (৪৮) অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

গতকাল শনিবার রাতে ফেনী জেলা বিএনপি সংবাদ সম্মেলন করে এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছে এবং সদর থানার ওসি নিজাম উদ্দিন সহ অভিযুক্ত পুলিশ কর্মকর্তার অপসারণ দাবী করেছে।

জেলা বিএনপির দাবি, রাজধানীর বিজয়নগরের নাভানা টাওয়ার থেকে গত বৃহস্পতিবার দিবাগত রাতে গ্রেফতারের পর রাত ১টার দিকে ফেনীর রামপুরার বাসা থেকে অস্ত্র উদ্ধারের নাটক করেছে পুলিশ।

ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন জেলা যুবদলের সভাপতি জসিমকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারের পর তার বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি অস্ত্র পাওয়া গেছে।

জেলা বিএনপির সদস্য সচিব আলালউদ্দিন আলাল বলেন, অস্ত্র দিয়ে ফাঁসানোর একটি ভিডিও ইতোমধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলালউদ্দিন আলাল গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, জেলা যুবদল সভাপতি জাকির হোসেন জসিমকে গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধারের ঘৃণ্য ও ন্যক্কারজনক নাটক সাজিয়ে বানোয়াট মামলা দিয়ে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে তারা অবিলম্বে জসিমের নামে সাজানো মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি।

তারা বলেন, জেলার একজন শীর্ষ নেতার সঙ্গে পুলিশ প্রশাসনের এহেন ঘৃণ্য ও বর্বরোচিত আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পুলিশ দিয়ে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের গ্রেফতার, মামলা-হামলা করে মাফিয়া সরকারের শেষ রক্ষা হবে না। অচিরেই তারা অবৈধ ক্ষমতার মসনদ থেকে বিতাড়িত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, আলাউদ্দিন গঠন, গাজী মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী, তপন কর, বাবুল, শেখ ফরিদ বাহার জসিম উদ্দিনের স্ত্রী ও তার কন্যা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ