বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ডিসেম্বর ১, ২০২২ ৩:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ডিসেম্বর ১, ২০২২ ৩:০৭ অপরাহ্ণ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
ওবায়দুল কাদের গোপালগঞ্জের জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করতে সকালে হেলিকপ্টারে করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান।
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। পরে সমাধি সৌধ কমপ্লেক্সের পরিদর্শন বইতে মন্তব্য লেখে স্বাক্ষর করেন।
এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস. এম. কামাল হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেন, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ