বঙ্গবাজারের অগ্নিকাণ্ড ‘খুবই রহস্যময়’: আলাল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, এপ্রিল ৬, ২০২৩ ৩:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, এপ্রিল ৬, ২০২৩ ৩:৫১ অপরাহ্ণ

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা খুবই রহস্যময় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, রাজধানীর বঙ্গবাজারে যে অগ্নিকাণ্ডের ঘটনা তা খুবই রহস্যময়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ তাদেরকে উচ্ছেদ করার জন্য এটা ঘটানো হতে পারে। আজকে দেশের মানুষ তাদের মুক্তির জন্য লড়াই শুরু করেছে। কারণ তারা প্রকৃতপক্ষে স্বাধীন বা মুক্ত নয়।
বুধবার (৫ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক দোয়া ও ইফতার মাহফিলে তিনি এই মন্তব্য করেন। বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের সুস্থ্যতা কামনা ও রুহুল কবির রিজভীসহ রাজবন্দীদের মুক্তির দাবিতে এই অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।
আলাল বলেন, ইউট্যাব যে ব্যাতিক্রম ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে তা সরকারের জন্য চরম শিক্ষা। দেশের গরিব মানুষকে সাথে নিয়ে যে ইফতার করতে পারে এটি তার অনন্য দৃষ্টান্ত। কেননা বর্তমান সরকার জনগণের প্রতি উদাসীন। দেশে হাহাকার চলছে। এ সময় গরিব, অসহায় ও পথশিশুদের মধ্যে ৬০ জনকে ঈদের নতুন পোশাক উপহার প্রদান করা হয়।
ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নূরুল ইসলাম, ইউট্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) অধ্যাপক ডা. হারুন আল রশিদ প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ