বর্তমান সরকার দেশের গণতন্ত্রকে হত্যা করেছে: জয়নাল আবদিন - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৪৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বর্তমান সরকার দেশের গণতন্ত্রকে হত্যা করেছে: জয়নাল আবদিন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ১, ২০২২ ১২:০০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ১, ২০২২ ১২:০৩ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

‘বর্তমান সরকার দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। আজ দেশে যে হত্যা, গুম, মামলা, বিদেশে টাকা পাচার, শেয়ারবাজার ধ্বংস, লোডশেডিং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে তার দায় একমাত্র সরকারের।’

রোববার (৩১ জুলাই) বিকেলে দেশজুড়ে অব্যাহত লোডশেডিং ও জ্বালানিখাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি। প্রধান অতিথির বক্তব্যে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক হুইপ জয়নাল আবদিন ফারুক এসব মন্তব্য করেন।

তিনি বলেন, এ সরকার দেশের মানুষের গলা টিপে লুটপাট করে দেশ চালাচ্ছে। সরকারের পতন ঘটাতে ও শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করতে একদফা আন্দোলন ছাড়া কোনো উপায় নেই। এদেশে কেয়ারটেকার সরকার ছাড়া আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।

জয়নাল আবদিন ফারুক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ থেকে একদফা আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

রোববার বিকেলে চট্টগ্রাম মহানগরীর নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম। সঞ্চালনায় ছিলেন যুগ্ম-আহ্বায়ক নুর মোহাম্মদ।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক যথাক্রমে অধ্যাপক ইউনুছ চৌধুরী, নুরুল আমিন, মো. নুরুল আমিন চেয়ারম্যান, প্রকৌশলী বেলায়েত হোসেন, সরওয়ার আলমগীর ও কাজী মো. সালাহউদ্দিন।

উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য যথাক্রমে অ্যাডভোকেট আবু তাহের, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, মো. সেলিম চেয়ারম্যান, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, আবু মোহাম্মদ হাসনাত, অধ্যাপক মহসিন, সাইদুল ইসলাম চৌধুরী, কাজী মো. মহিউদ্দিন, জাকির হোসেন, মোবারক হোসেন কাঞ্চন, আলমগীর হোসেন ঠাকুর, আবু আহমেদ, এজাহার মিয়া প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, এ সরকারের অধীনে আর কোনো নির্বাচন বাংলার মাটিতে হতে দেওয়া হবে না। একদফা আন্দোলনকে সফল করতে হলে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ