বাংলাদেশের জন্মের পর থেকেই প্রতিবেশী দেশ নিয়ন্ত্রণের চেষ্টা করেছে: ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশের জন্মের পর থেকেই প্রতিবেশী দেশ নিয়ন্ত্রণের চেষ্টা করেছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪ ৩:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪ ৩:১০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকেই প্রতিবেশী দেশ বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৬ মে) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে মাওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আলোচনা সভার আয়োজন করেছে ভাসানী অনুসারী পরিষদ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকেই প্রতিবেশী দেশ বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। এই সরকার পুরোপুরিভাবে নতজানু সরকারে পরিণত হয়ে গেছে। গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য বহু রাজনৈতিক দল এক হয়ে লড়াই করছে, অনেকে প্রাণ দিয়েছে। বিএনপির ৬০ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। আজও নির্যাতন নিপীড়ন চলছে। নেতাকর্মীদের সাজা দিয়ে কারাগারে পাঠানো হচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন বলেন, সরকার তাদের প্রভুদের স্বার্থ রক্ষার জন্য জনগণের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। পরাজয়ের ভয়ে, নিশ্চিহ্ন হওয়ার ভয়ে নিজেদের মতো নির্বাচন করে ক্ষমতা ধরে রেখেছে আওয়ামী লীগ।

তিনি বলেন, আমাদের কোনো বিকল্প নেই, সকলকে দলমত নির্বিশেষে এক হতে হবে। গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করলে জয়যুক্ত হবো। আমাদেরকে কোনো শক্তি রুখতে পারবে না।

ফখরুল বলেন, সরকারের একমাত্র কাজ হচ্ছে নিজেদের বিত্ত তৈরি করা ও অন্য দেশের স্বার্থ রক্ষা করা। তাই, আমাদের ঐক্যবদ্ধ হয়ে নিজেদের দাবি নিজেদেরকেই আদায় করতে হবে, অন্য কেউ এসে কাজ করে দেবে না।

এসময় আলোচনা সভায় জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, আজকে বাংলাদেশের জাতির জীবনে চরম বিপর্যয় নেমে এসেছে। আন্তর্জাতিক ফারাক্কা দিবসের প্রয়োজনীতা অপরিসীম। ফারাক্কার সমস্যার কারণে উত্তরবঙ্গকে মরুভূমিতে পরিণত করেছে।

গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, নির্বাচনের নামে এবার ফোর টোয়েন্টি হয়ে গেছে। সরকার বেশিদিন টিকতে পারবে না। সরকার নড়বড়ে অবস্থায়, রিজার্ভ নেই। দেশ বিক্রি হওয়ার অবস্থায় চলে গেছে। আমাদের অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আবেগ দিয়ে নয়, কর্মসূচি দিয়ে, যুক্তি দিয়ে মানুষকে রাজপথে এক করতে হবে।

ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাড. হাসনাত কাইয়ুম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সহ-সভাপতি তানিয়া রব, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব ড. আবু ইউসুফ সেলিম, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল, অধ্যাপক ও অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ