বিএনপি লিয়াঁজো কমিটি ও ১২ দলীয় জোট এবং সমমনা জোট এর বৈঠক (ভিডিও) - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি লিয়াঁজো কমিটি ও ১২ দলীয় জোট এবং সমমনা জোট এর বৈঠক (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ৩০, ২০২৩ ১০:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ৩০, ২০২৩ ১০:৪৪ অপরাহ্ণ

 

আগামীতে যুগপৎ আন্দোলনে কী কী কর্মসূচি দেওয়া যেতে পারে, তা নিয়ে ১১ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে পৃথক বৈঠক করেছে প্রধান শরিক বিএনপি। সেখানে চলমান আন্দোলনকে বেগবান করে চূড়ান্ত কর্মসূচি একদফার আন্দোলনে যাওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

আজ রোববার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৃথক দুটি বৈঠক হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমে জাতীয়তাবাদী সমমনা জোট ও পরে ১১ দলীয় জোটের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজোঁ কমিটির প্রধান নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা নিয়মিতই বসি। পরস্পর আলোচনা করে জনগণের কল্যাণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করি।’

তিনি বলেন, ‘আমরা দীর্ঘ সময় ধরে চলমান আন্দোলন, মানুষের আকাঙ্ক্ষা, এ মুহূর্তের বাস্তবতা, আমাদের কী করণীয় হওয়া উচিত- এসব বিষয়ে বিস্তারিত আমরা আলোচনা করেছি। কিছু পরামর্শ এসেছে এবং তার আলোকেই আমরা আগামী দিনে সিদ্ধান্ত নেব। আমাদের দাবি আদায়ের লক্ষ্যে যাতে আরও কার্যকরভাবে কর্মসূচি সম্পন্ন করতে পারি, তা নিয়ে আলোচনা হয়েছে।’

রোববার গুলশানে ১১ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে পৃথক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপির নেতৃবৃন্দ।

১১ দলীয় জোটের সমন্বয়কারী ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, ‘আমরা আগামী আন্দোলনের কর্মসূচি, রূপরেখা ও কীভাবে অগ্রসর হব- তা নিয়ে ধাপে ধাপে, ভাগে ভাগে আলোচনা করেছি। আমরা ঐকমত্যে পৌঁছেছি যে, চলমান আন্দোলনকে বেগবান করে চূড়ান্ত কর্মসূচিতে যাচ্ছি। আজ সে সম্পর্কে আমি কোনো আলোকপাত করতে চাই না। শুধু বলতে চাই- আমাদের এই ঐক্যবদ্ধ আন্দোলন ফলপ্রসূ হবেই।’

তিনি আরও বলেন, ‘সরকার আজ দিশেহারা হয়ে গেছে। এজন্য বিশ্বের বিভিন্ন জায়গায় অনুগ্রহের আশায় বেরিয়ে পড়েছে। এখন বাংলাদেশের প্রতি বিশ্ববাসীর দৃষ্টি নিবদ্ধ। তারা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। বিশ্ববাসীর এই মনোবাঞ্ছা পূরণ হবেই এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হব।’

জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আমরা আন্দোলন করছি যাতে মানুষ ভোট দিতে পারে। ভবিষ্যতে চলমান আন্দোলনকে বেগবান করে আমরা একদফার আন্দোলনে যাব। কখন, কীভাবে আন্দোলন হবে তা আমরা যথাসময়ে জানাব।’

বৈঠকে বিএনপির পক্ষে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটি ও লিয়াজোঁ কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান ও লিয়াজোঁ কমিটির সদস্য আব্দুল আউয়াল মিন্টু।

রোববার গুলশানে ১১ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে পৃথক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপির নেতৃবৃন্দ।

এ ছাড়া দুই জোটের পক্ষে পৃথক বৈঠকে উপস্থিত ছিলেন- কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) চেয়ারম্যান শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এনডিপির চেয়ারম্যান কারী মো. আবু তাহের, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জমিয়তের মহাসচিব মাওলানা মহিউদ্দিন ইকরাম, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মওলানা আব্দুল করিম, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, জাগপার একাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, অপরাংশের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির চেয়ারম্যান সুকৃতি মন্ডল ও এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ