বিচ্ছেদের ঘোষণা দিলেন অভিনেত্রী ও ডান্সার মৌনি রায়
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মে ১৭, ২০২৬ ১:১৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মে ১৭, ২০২৬ ১:১৬ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও ডান্সার মৌনি রায়। কিছুদিন ধরেই তার সংসার ভাঙার কথা শোনা যাচ্ছিল। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমেও খবর প্রকাশ পেয়েছে। অবশেষে গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে। দীর্ঘ চার বছর একসঙ্গে থাকার পর অবশেষে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন মৌনি রায় ও তার স্বামী ব্যবসায়ী সুরজ নাম্বিয়ার। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতির মাধ্যমে তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
মৌনি ও সুরজ জানিয়েছেন, তারা নিজেদের ব্যক্তিগত কারণেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে একে অপরের প্রতি সম্মান ও বন্ধুত্ব বজায় থাকবে বলে জানিয়েছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে মৌনি ও সুরজ একে অপরকে আনফলো করেছেন। এটি ভক্তদের নজরে আসার পর থেকেই বিচ্ছেদ নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। এ কারণেই গত কয়েক দিন ধরে এই দম্পতিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছিল নানা জল্পনা।
শুধু তাই নয়, সম্প্রতি মৌনির ঘনিষ্ঠ বান্ধবী বলিউড তারকা দিশা পাটানিও সুরজকে আনফলো করেছেন। এ কারণে বিচ্ছেদের খবরটি আরও জোরালো হয়। এর আগে মৌনি সংবাদমাধ্যমের কাছে অনুরোধ করেছিলেন, যেন তাদের ব্যক্তিগত জীবন নিয়ে কোনো মিথ্যা খবর ছড়ানো না হয়। ২০২২ সালের জানুয়ারিতে গোয়ায় জাঁকজমকপূর্ণভাবে বাঙালি ও মালায়ালি রীতিতে এই দম্পতির বিয়ে হয়েছিল।
মৌনি রায় বর্তমানে তার অভিনয় ক্যারিয়ার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি ‘সালাকার’ এবং ‘দ্য ভূতনি’র মতো চলচ্চিত্রে তাকে দেখা গেছে। এখন ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়ে তিনি সবার কাছ থেকে গোপনীয়তা ও সম্মান বজায় রাখার অনুরোধ জানিয়েছেন। তবে এই বিচ্ছেদের সঠিক কারণটি পরিষ্কার করেননি মৌনি রায়।
জনতার আওয়াজ/আ আ