বিমান বাহিনীর কমান্ড সেফটি সেমিনার ২০২৬ অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিমান বাহিনীর কমান্ড সেফটি সেমিনার ২০২৬ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ ১:৪১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ ১:৪১ পূর্বাহ্ণ

 

নিজস্ব প্রতিনিধি
ছবি সংগৃহীত
বাংলাদেশ বিমান বাহিনীর কমান্ড সেফটি সেমিনার ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকা সেনানিবাসে ‘বিমান বাহিনী ঘাঁটি বাশার’র ফ্যালকন হলে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এ সেমিনারটি অপারেশনাল উৎকর্ষতা ও উড্ডয়ন নিরাপত্তার প্রতি তাদের অব্যাহত অঙ্গীকারকে পুনরায় তুলে ধরে। প্রধান অতিথি হিসেবে বিমান বাহিনী প্রধান উপস্থিত থেকে ফ্লাইট সেফটি ট্রফি বিতরণ করেন।

উদ্বোধনী বক্তব্যে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান নিয়মিতভাবে এ ধরনের সেমিনার আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং বিমান বাহিনী সদর দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন নিরাপত্তামূলক উদ্যোগ সম্পর্কে আলোকপাত করেন, যা বাহিনীতে নিরাপত্তা সংস্কৃতি জোরদার করতে সহায়ক ভূমিকা রাখছে। সব ঘাঁটির এয়ার অধিনায়করা নিজ নিজ পর্যায়ে গৃহীত নিরাপত্তামূলক উদ্যোগ ও সর্বোত্তম অনুশীলনের বিস্তারিত উপস্থাপন করেন, যা সামগ্রিকভাবে নিরাপত্তা মান উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টাকে প্রতিফলিত করে।

আইএসপিআর জানিয়েছে, ফ্লাইট সেফটি পরিচালক ২০২৫ সালে উড্ডয়ন সংক্রান্ত সকল ঘটনার ওপর একটি বিস্তৃত উপস্থাপনা তুলে ধরেন এবং পুনরাবৃত্তি রোধে বিভিন্ন ঘাঁটি কর্তৃক গৃহীত প্রতিরোধমূলক ব্যবস্থা তুলে ধরেন।

সমাপনী বক্তব্যে বিমান বাহিনী প্রধান বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও বিমান বাহিনীর উড্ডয়ন সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। তিনি বাহিনীর সব সদস্যকে তাদের অসামান্য অবদানের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ মহড়া, আন্তর্জাতিক সহযোগিতা এবং উল্লেখযোগ্য মিশন-যেমন ফেরি ফ্লাইট, জাতীয় নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম, ভিভিআইপি দায়িত্ব, দুর্যোগ মোকাবিলা এবং ‘মেডিভ্যাক/ক্যাসেভ্যাক’ অপারেশন সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে অসাধারণ দক্ষতা ও নিষ্ঠা প্রদর্শনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান ।

অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিমানসেনারা উপস্থিত ছিলেন। এছাড়াও, জাতিসংঘ মিশন এলাকাসহ বিমান বাহিনী ঘাঁটি/স্টেশন/ইউনিটের নির্বাচিত কর্মকর্তা, বিমানসেনা এবং অসামরিক ব্যক্তিরা টেলিকনফারেন্সের মাধ্যমে ওই সেমিনারে অংশ নেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ