বিরোধীদলীয় নেতার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১১, শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিরোধীদলীয় নেতার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬ ৬:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬ ৬:১১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত মি. ক্রিস্টিয়ান ব্রিক্স মুলার সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (১১ জুন) সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ ও ডেনমার্কের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশে ডেনমার্ক দূতাবাসের উপপ্রধান মি. অ্যান্ডার্স বি. কার্লসেন উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ ও ডেনমার্কের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ডেনমার্কের অবদানের বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা এবং বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করা হয়। স্বাস্থ্য খাতে ডেনমার্কের সহযোগিতা, বিশেষ করে মানসম্মত ওষুধ আমদানির বিষয়টিও আলোচনায় উঠে আসে।

বৈঠকে বিরোধীদলীয় নেতা বাংলাদেশের সঙ্গে ডেনমার্কের চলমান সহযোগিতামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, মেরিটাইম ও ব্লু ইকোনমি, নবায়নযোগ্য জ্বালানি, গ্রিন এনার্জি, তৈরি পোশাক শিল্প, শ্রমিক অধিকার এবং কর্মপরিবেশের উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ডেনমার্কের সহযোগিতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

এ সময় সুশাসন প্রতিষ্ঠা, সংসদীয় গণতন্ত্রের বিকাশ, বিচার বিভাগীয় সংস্কার এবং মানবাধিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ এসব বিষয়ে পারস্পরিক মতামত বিনিময় করেন।

সাক্ষাৎকালে ডেনিশ রাষ্ট্রদূত বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন বিষয়ে ডেনমার্কের আগ্রহ ও প্রত্যাশার কথাও তুলে ধরেন।

বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, এমপি এবং দলের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা টিমের সদস্য আলী আহমেদ মাবরুরও উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ