বিসিসি নির্বাচন : বরিশালে নৌকার সমর্থককে পিস্তল ঠেকিয়ে ছাত্রলীগ নেতার হুমকি - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিসিসি নির্বাচন : বরিশালে নৌকার সমর্থককে পিস্তল ঠেকিয়ে ছাত্রলীগ নেতার হুমকি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ৮, ২০২৩ ৪:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ৮, ২০২৩ ৪:১৮ অপরাহ্ণ

 

বরিশাল প্রতিনিধি

আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের সমর্থনে এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় ও মিছিল করায় এক ওয়ার্ড ছাত্রলীগ নেতাকে পিস্তল ও রামদা ঠেকিয়ে প্রাননাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মহানগর ছাত্রলীগের আহ্বায়ক ও বর্তমান মেয়র সাদিক আব্দুল্লাহর অনুসারী রইস আহম্মেদ মান্নাসহ ১৭ জন ও অজ্ঞাতনামা আরও ১৫ জনকে অভিযুক্ত করে কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

অভিযোগকারী নগরীর জানুকি সিংহ রোডের বাসিন্দা মো. কাওছার শেখের ছেলে ও ২ নাম্বার ওয়ার্ড ছাত্রলীগের কর্মী শেখ মো. সোহাগ জানায়, সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের পক্ষে ২ নাম্বার ওয়ার্ডসহ কাউনিয়া এলাকার কেউ প্রকাশ্যে প্রচার-প্রচারণা করতে সাহস পায়না। মহানগর ছাত্রলীগের আহ্বায়ক ও বর্তমান মেয়র সাদিক অনুসারী রইস আহম্মেদ মান্নার ভয়ে এলাকাবাসী নৌকার প্রার্থীর সাথে অতিগোপনে যোগাযোগ রেখে প্রচারণা চালাতো। সকল বাঁধা ও ভয়কে জয় করে গত ৫ মে বিকেলে আমি ছাত্রলীগের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ও নৌকার সমর্থক এলাকাবাসীকে নিয়ে জানুকি সিংহ রোড এলাকায় প্রথম প্রকাশ্যে নৌকার সমর্থনে প্রচার-প্রচারণায় নামি। এমনকি ওইদিন নৌকা প্রতীকে ভোট চেয়ে মিছিল করা হয়। এতে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক মান্না চরমভাবে ক্ষুব্ধ হয়।

তিনি অভিযোগ করে বলেন, নৌকার সমর্থনে সাংগঠনিক কাজ শেষ করে গত ৬ মে রাতে সঙ্গী সজিবুর রহমান ও সোহেল হাওলাদারকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হই। পথিমধ্যে জানুকিং সিংহ রোডের ভূঁইয়া বাড়ি সংলগ্ন এলাকার পৌঁছালে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক মান্নার নেতৃত্বে তার ৩০/৩৫ জন সহযোগীরা এসে আমাদের ঘিরে ধরে। তারা আমার ঘাড়ের ওপর রামদা ধরে এবং মান্না পিস্তল উঁচিয়ে আমাকে হুমকি দিয়ে বলে, নৌকার প্রার্থীর পক্ষে কাজ করা হলে আমাকে হত্যা করা হবে।

অভিযোগ পুরোপুরি অস্বীকার করে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইস আহম্মেদ মান্না বলেন, প্রতিপক্ষের লোকজনে আমাকে হয়রানির করার জন্য সোহাগকে ব্যবহার করে থানায় অভিযোগ দায়ের করিয়েছে।

অপরদিকে গত ৬ মে সন্ধ্যায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিৎসক অর্নব ও পঞ্চম বর্ষের ছাত্র হৃদয় নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাতকে ফুলের শুভেচ্ছা জানানোর ছবি ফেসবুকে আপলোড করে। এতে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক মান্নার ভাই গণপূর্তের ঠিকাদার রিসাদ আহমেদ ক্ষিপ্ত হয়ে অর্নব ও হৃদয়কে ক্যাম্পাস থেকে বিতারিত এবং হলের সিট বরাদ্ধ বাতিল করার হুমকি দিয়েছেন। ওই ঘটনায় কোতয়ালী মডেল থানায় জিডি করা হয়েছে।

গতকাল রবিবার রাতে জিডি করার কথা স্বীকার করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বলেন, অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্রমতে, জিডিতে অন্য অভিযুক্তরা হলো- ছাত্রলীগের আহ্বায়ক মান্নার ভাই রিসাদ আহমেদ, সহযোগি মিঠু, ফয়সাল বিন জাবেদ, রাজু, মুরাদ, ইমরান হোসেন সজীব, কসাই মামুন, সম্পদ, রনি, বেল্লাল, সবুজ, ধলু সুমন, নগেন সুভ, বাবলু ও বড় রনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ