ভুয়া নির্বাচনী পর্যবেক্ষক সাজিয়ে জাতির সাথে প্রতারণা করেছে আ’লীগ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, আগস্ট ১, ২০২৩ ১০:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, আগস্ট ১, ২০২৩ ১০:৪৪ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
ভুয়া নির্বাচনী পর্যবেক্ষক সাজিয়ে জাতির সাথে নির্লজ্জ প্রতারণা করেছে আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন বার দলীয় জোটের নেতৃবৃন্দরা।
মঙ্গলবার (১ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ কল্যাণ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বার দলীয় জোটের এক গুরুত্বপূর্ণ সভায় এ মন্তব্য করেন জোটের নেতৃবৃন্দরা।
সভায় নেতারা আওয়ামী লীগ কর্তৃক ভুয়া নির্বাচনী পর্যবেক্ষক সাজিয়ে জাতির সাথে চরম প্রতারণা করায় ধিক্কার ও তীব্র প্রতিবাদ জানান।
নেতৃবৃন্দ বলেন, ‘ভোট চোর এই সরকার জনগণের টাকা দিয়ে ভাড়াটে পর্যবেক্ষক এনে বাংলাদেশের জনগণের সাথে একটি প্রহসনের নাটক মঞ্চস্থ করেছেন।’ নেতারা বলেন, ‘সত্য কখনো চাপা থাকে না আওয়ামী লীগের এই জঘন্য প্রতারণার চিত্র জাতির সামনে উম্মোচিত হয়েছে।’
নেতৃবৃন্দ আরো বলেন, ‘প্রশাসনের কর্মকর্তাদের মনমরা ভাব দেখে প্রধানমন্ত্রী যে উদ্বেগ প্রকাশ করেছেন তাতে এটাই প্রমাণিত হয় যে বাংলাদেশের জনগণের গণ আন্দোলনে ভীত হয়ে এই অবৈধ সরকারের দোসরা পালাবার পথ খুঁজছে।’
বারো দলীয় জোট নেতৃবৃন্দ এক দফা আন্দোলনের বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকার দৃঢ় সংকল্প ও প্রত্যয় ব্যক্ত করেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) এর চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রধান, ন্যাপ ভাসানির চেয়ারম্যান আজহারুল ইসলাম, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, ইসলামী ঐক্য জোটের সিনিয়র সহ-সভাপতি শওকত আমিন, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন বাংলাদেশ জাতীয় দলের মহাসচিব রফিকুল ইসলাম বাংলাদেশ এলডিপির অতিরিক্ত মহাসচিব তমিজ উদ্দিন টিটুসহ জোটের শীর্ষ নেতারা।
জনতার আওয়াজ/আ আ