ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে সড়ক-রেল-নৌপথ অবরোধের ঘোষণা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে সড়ক-রেল-নৌপথ অবরোধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে আজ (২৮ অক্টোবর) নৌপথ অবরোধ করেছে আন্দোলনকারীরা। এতে মেঘনা নদীর ভৈরব বাজার ঘাটে এক ঘণ্টা নৌচলাচল বন্ধ ছিল। আন্দোলনকারীরা বৃহস্পতিবার (৩০ অক্টোবর) একযোগে সড়ক, রেল ও নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছেন।

সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া নৌপথ অবরোধ বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলেছে। বিক্ষোভকারীরা ভৈরব বাজার লঞ্চঘাট ও কার্গোঘাটে অবস্থান নিয়েছেন।

অবরোধকারীরা বলেছেন, সোমবার শান্তিপূর্ণ রেল অবরোধ চলাকালীন ট্রেনচালকের হঠাৎ হুইসেল বাজানোর কারণে জনতা নিজেদের সুরক্ষায় কিছু পাথর নিক্ষেপ করেন। তবে তারা বলেন, এই ঘটনার দায় স্টেশন মাস্টার ও রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার। আন্দোলনকারীরা উল্লেখ করেন, ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে তারা পূর্বেও আন্দোলন করেছেন এবং ভবিষ্যতেও করবেন।

এর আগে, আন্দোলনকারীরা সড়ক ও রেলপথ আন্দোলন করে দাবি জানিয়ে আসছিলেন। আজ নৌপথ অবরোধ করে দাবি আদায়ে মাঠে থাকার ঘোষণা দেন। বৃহস্পতিবার একযোগে সড়ক, রেল ও নৌপথ অবরোধের ঘোষণা দেন আন্দোলকারীরা।

ভৈরব পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম পাভেল বলেন, ভৈরবকে জেলা ঘোষণা এখানকার সর্বস্তরের মানুষের দাবি। পূর্বে আন্দোলনের মাধ্যমে ৬৫তম জেলার প্রজ্ঞাপন জারি হলেও পরে সরকার কোনো উদ্যোগ নেয়নি। আমরা জেলার দাবিতে শান্তিপূর্ণভাবে মাঠে নেমেছি।

বাঁশগাড়ি জিল্লুর রহমান স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র রায়হান বলে, ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে বিক্ষোভ-মিছিল শান্তিপূর্ণভাবে করা হয়েছে। আমরা ব্লকেড কর্মসূচিও পালন করেছি শান্তিপূর্ণভাবে। আমরা রাস্তায় ব্যারিকেড দিয়েছিলাম, তবে প্রশাসনের কথা অনুযায়ী তা প্রত্যাহার করা হয়। জেলা বাস্তবায়নের জন্য আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি।

এ সময় জেলা আন্দোলনের নেতা মাওলানা সাইফুল ইসলাম শাহারিয়া, গণঅধিকার পরিষদের নেতা ইমতিয়াজ আহমেদ কাজল, ছাত্রনেতা জুনাইদ প্রমুখ বক্তব্য দেন।

ভৈরব বাজার লঞ্চঘাটে অবরোধ চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম মো. আজিমুল হক, ভৈরব নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুজ্জামানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভৈরব নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান বলেন, সকালে ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে নৌপথ অবরোধ কর্মসূচি পালন হয়েছে। আমরা সবাইকে শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানিয়েছি।

প্রসঙ্গত, ২০০৯ সালে একবার ভৈরবকে জেলা ঘোষণা করা হয়েছিল। কিন্তু পরে তা বাস্তবায়ন করা হয়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ