ভোলায় নদী থেকে অজ্ঞাত মধ্য বয়সী নারীর লাশ উদ্ধার - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৫৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলায় নদী থেকে অজ্ঞাত মধ্য বয়সী নারীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ৪, ২০২৩ ১:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ৪, ২০২৩ ১:৩১ অপরাহ্ণ

 

ভোলা প্রতিনিধি॥
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে নদী থেকে শিকলে বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় মধ্য বয়সী এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ মে) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়ন কলমি ব্রীজ সংলগ্ন দক্ষিণ পাশে বুড়া গৌরাঙ্গ নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলমি ব্রীজের দক্ষিণ পাশে বুড়া গৌরাঙ্গ নদীতে একটি লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে লাশের নাম পরিচয় এখনো জানা যায়নি। লাশের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
শশীভূষণ থানার ওসি তদন্ত মো. জিল্লুর রহমান বলেন, উদ্ধার হওয়া নারী মধ্য বয়সী বলে ধারণা করা হচ্ছে। তার বাম পায়ে শিকলে বাঁধা অবস্থায় ছিল। পরনে বেগুনি রংয়ের সেলোয়ার রয়েছে। তবে লাশের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে এ কর্মকর্তা জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ