মাগুরার সেই শিশু আছিয়ার বাড়িতে তারেক রহমানের ঈদ উপহার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মার্চ ১৭, ২০২৫ ৫:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মার্চ ১৭, ২০২৫ ৫:০৯ অপরাহ্ণ

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা
মাগুরায় ধষর্ণের শিকার শিশু আছিয়ার বাড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার পাঠানো হয়েছে।
সোমবার (১৭ মার্চ) সকালে এ ঈদ উপহার পাঠানো হয়।
জানা যায়, তারেক রহমানের পক্ষে সাবেক মহিলা এমপি ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বিএনপির সহ-ত্রাণ ও পুনর্বাসন সহ-সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী আছিয়ার পরিবারের হাতে এ ঈদ উপহার পৌঁছে দেন। তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রীর মধ্যে ছিল নতুন পোশাক, খাদ্য ও ঈদ সামগ্রী।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, শ্রীপুর উপজেলার সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ারদার, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, মুন্সি রেজাউল করিম, স্থানীয় বিএনপি, মহিলা দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। শিশু আছিয়ার ওপর ঘটে যাওয়া নির্মম ঘটনার পর তা দেশজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় থাকাকালীন তার চিকিৎসাসহ সবকিছুর দায়িত্ব নিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারই প্রেক্ষাপটে এ ঈদ উপহার।
বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সহ-সম্পাদিকা সাবেক এমপি নেওয়াজ হালিমা আরলি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধর্ষণের ঘটনায় নিহত শিশুটির পরিবারের সাথে আছেন। সব সময় তিনি খোঁজখবর রাখছেন। পবিত্র ঈদ-উল ফিতরের ঈদ উপহার পাঠিয়েছেন তিনি। শুধু আছিয়া নয়, সারা বাংলাদেশে নারী নির্যাতনে ভিকটিমদের জন্য আইনি সহায়তার জন্যে সেল করে দিয়েছেন। নারীদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সকল সুযোগ সুবিধা দেয়া হয়েছে। তিনি খোঁজ রেখেছেন আছিয়ার মা তিন দিন একটা পোশাক পরে রয়েছে। তা দেখে তিনি মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের মাধ্যমেও ঈদ উপহার পৌঁছে দিয়েছেন। একটু হলেও ভালো কাটবে তাদের ঈদ।’
জনতার আওয়াজ/আ আ