মাঠ বরাদ্দের জন্য ডিএসসিসিকে চিঠি দিয়েছে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মাঠ বরাদ্দের জন্য ডিএসসিসিকে চিঠি দিয়েছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৯, ২০২২ ১০:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৯, ২০২২ ১০:৫৮ অপরাহ্ণ

 

রাজধানীর গোলাপবাগ মাঠ শনিবার (১০ ডিসেম্বর) সমাবেশের জন্য বরাদ্দ দিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে চিঠি দিয়েছে বিএনপি। শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের স্বাক্ষরিত এই চিঠি দেওয়া হয় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ সমাবেশে অনুমতি পাওয়ার পর সিটি কর্পোরেশনকে মাঠ বরাদ্দের জন্য চিঠি দেওয়া হয়েছে।

এর আগে রাতে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, রাজধানীর গোলাপবাগ মাঠে রাজনৈতিক সমাবেশ আয়োজনে বিএনপির কাছ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এখন পর্যন্ত কোনো আবেদন পায়নি। আবেদন পাওয়ার পরেই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

শুক্রবার দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ গণমাধ্যমকে বলেন, আমরা কমলাপুর স্টেডিয়াম চেয়েছিলাম, কিন্তু সেখানে খেলা চলায় সম্ভব না। পুলিশের কাছে তারপর আমরা গোলাপবাগ মাঠের কথা বলেছিলাম, পুলিশ লিখিতভাবে অনুমতির জন্য আবেদন করতে বলেছিল, আমরা লিখিত আবেদন করেছি। তারা অনুমতি দিয়েছে।

তিনি বলেন, আগামীকাল (শনিবার) গোলাপবাগে আমাদের সমাবেশ হবে। পুলিশ সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশ্বস্ত করেছে।

পরে এ বিষয়ে জানতে চাওয়া হলে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জানান, বিএনপির প্রস্তাবিত দাবির পরিপ্রেক্ষিতে তাদের গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।

এরপর সন্ধ্যায় ২৬টি শর্তসাপেক্ষে বিএনপিকে গোলাপবাগ মাঠে গণসমাবেশ করার অনুমতি দেয় ডিএমপি।

মূলত ১০ ডিসেম্বর সমাবেশের জন্য বিএনপি শুরু থেকেই নয়াপল্টনের সড়ক ব্যবহারের দাবি জানিয়ে আসছিল। আর সরকার শুরু থেকেই বলে আসছিল নয়াপল্টনে সমাবেশ করতে দেওয়া হবে না। বিএনপিকে সমাবেশ করতে হবে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে।

তবে সোহরাওয়ার্দীর বিষয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল বিএনপি। তারা আরামবাগ ও সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলের মাঠের প্রস্তাব দিলেও পুলিশ তাতে রাজি হয়নি।

এরইমধ্যে বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিএনপি নেতাকর্মীদের। এতে একজন নিহতও হয়। সংঘর্ষের পর বিএনপি কার্যালয়ে অভিযান চালায় পুলিশ এবং ওই এলাকা থেকে বিএনপি নেতাকর্মীদের হটিয়ে দিয়ে নিজেরা নিয়ন্ত্রণে নেয়।

এরপর বৃহস্পতিবার রাতে ঢাকার পুলিশ কমিশনারের সাথে বিএনপির একটি প্রতিনিধি দলের বৈঠকে তারা নয়াপল্টনের পরিবর্তে ঢাকার কমলাপুরে স্টেডিয়ামে সমাবেশের প্রস্তাব দেন। পুলিশের পক্ষ থেকে মিরপুরের বাংলা কলেজ মাঠে সমাবেশের প্রস্তাব দেওয়া হয়।

এসবের পর বৃহস্পতিবার রাত ৩টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তাদের বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। তুলে নেওয়ার ৮ ঘণ্টা পর ডিবি তাদের আটকের কথা স্বীকার করে। আর দুপুর আড়াইটার পর ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশিদ জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে পল্টন থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ