যেভাবে তুলে নেয়া হয় ছাত্রদলের ৬ নেতাকে - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যেভাবে তুলে নেয়া হয় ছাত্রদলের ৬ নেতাকে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ২১, ২০২৩ ১২:৫৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ২১, ২০২৩ ১২:৫৯ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

লালবাগ কেল্লা রোডের মূল গেটের সামনের তিন তলা একটি বাসা। ওই বাসার তিনতলার একটি কক্ষে থাকতেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মো. হাসানুর রহমান ওরফে হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল রিয়াদ, কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহাদত হোসেন। তারা ৬ মাস আগে ওই কক্ষটি ভাড়া নিয়েছিলেন। গত শুক্রবার ভোররাতে এই ৩ জনকে বাসা থেকে আটক করে নিয়ে যায় ডিবি পুলিশ। তাদের সেখান থেকে নেয়ার আগে আরও ৩ ছাত্রদল নেতাকে আটক করেছিল ডিবি। গতকাল ওই এলাকা ঘুরে ছাত্রদলের নেতাদের আটকের বিষয়ে কথা হয়েছে স্থানীয়দের সঙ্গে। ওই বাড়ির ভাড়াটিয়া জেসমিন জানান, ডিবি পুলিশের পরিচয়ে ৬ জনকে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার সকাল হওয়ার আগেই পুলিশ এসেছিল। ওই ছাত্রদের আটকের বিষয়ে আমরা পুলিশকে জিজ্ঞাসা করলে তারা কোনো উত্তর দেয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক বাড়ির আরেক বাসিন্দা জানান, পুলিশ ওই শিক্ষার্থীদের বাসা থেকে একটি বই রাখার ব্যাক্স ও জিনিসপত্র নিয়ে গেছে।

নিয়ে যাওয়ার সময় চোখ বেঁধে নিয়ে গেছে। হাতে হ্যান্ডকাফ পরানো ছিল। শনিবার তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় গোয়েন্দা পুলিশ। গতকাল সংবাদ সম্মেলনে জানানো হয় অস্ত্রসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি দাবি করেছে, শনিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছাত্রদলের ৬ জন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩টি রিভলবার, ১টি ম্যাগাজিন ও ৩৬ রাউন্ড গুলি জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়া নেতারা হলেনÑ ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান (৩১), যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল রিয়াদ (২৯), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ বিল্লাহ (৩০), সহ-সভাপতি মো. হাসানুর রহমান হাসান (৩২), ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহাদত হোসেন (৩১), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবর (৩২) ও ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. আরিফ বিল্লাহ (৩০)।

গতকাল সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি’র মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার খোন্দকার নুরুন্নবী বলেন, নির্বাচনকে কেন্দ্র করে অস্ত্র সংগ্রহ করছিলেন ছাত্রদল নেতারা। তারা আগামী নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ও নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার জন্য অস্ত্র সংগ্রহ করেছিলেন। তিনি আরও বলেন, বিএনপি’র কেন্দ্রীয় নেতাদের নির্দেশে তারা অস্ত্র সংগ্রহ করে এই পরিকল্পনা করছিলেন। তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের কথোপকথনের সূত্রে কাদের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করা হয়েছে সেই তথ্য জানা গেছে।

বিএনপি’র পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, শুক্রবার এই ৬ ছাত্রদল নেতাকে ডিবি তুলে নিয়ে গেছে। কিন্তু ডিবি দাবি করেছে যে, শনিবার তাদের গ্রেপ্তার করা হয়েছে এমন প্রশ্ন করা হলে তিনি জানান, মামলার এজাহারে যে তারিখ উল্লেখ করা হয়েছে সেই তারিখে আমরা তাদের গ্রেপ্তার করেছি। সরকারি দলের অনেক নেতাকর্মী অস্ত্রসহ মহড়া দিলেও তাদের ধরা হচ্ছে না কেন এমন প্রশ্নের কোনো জবাব দেননি তিনি।
সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক জানতে চান, উদ্ধার হওয়া রিভলবারগুলোতে মরিচা পড়ে গেছে। এগুলো কতোদিন আগের? জবাবে পুলিশ কর্মকর্তা বলেন, আসামিদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য আমরা জানবো।
সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের ডিসি রিফাত রহমান শামীম, ডিএমপি’র (এডিসি) কে এন রায় নিয়তি ও ডিবির গুলশান বিভাগের এসি বার্নাড এরিক বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ