রংপুর বিএনপির সমাবেশে যেতে ছেলেকে সাজিয়ে দিয়েছেন মা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, অক্টোবর ২৯, ২০২২ ১১:০২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, অক্টোবর ২৯, ২০২২ ১১:০২ পূর্বাহ্ণ

পরিবহন ধর্মঘট থাকায় রংপুর বিএনপির বিভাগীয় সমাবেশে যোগ দিতে নীলফামারী-লালমনিরহাট থেকে বাইসাইকেল, ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান ও পায়ে হেঁটে আসছে প্রায় ২০ হাজার নেতাকর্মী। রংপুরে আসা নীলফামারী জেলা বিএনপির নেতা ইয়াছিন আলী এ তথ্য জানান।
তিনি বলেন, আজ তিনটি পয়েন্ট থেকে তারা রংপুরের উদ্দেশ্যে রওনা হয়েছন। নীলফামারী সদর, সৈয়দপুর জেলা বিএনপির কার্যালয়, ডোমার উপজেলার রেলওয়ে স্টেশন ও ডিমলা উপজেলার দলীয় কার্যালয় এবং জলঢাকা- কিশোরগঞ্জ মাগুরা পয়েন্ট হতে সমাবেশের উদ্দেশ্যে রওনা দিবেন।
বিএনপির নেতা মইনুল ইসলাম জানান, সমাবেশে যোগ দিতে ১৮ হাজার সাইকেল, অটোরিকশা, ভ্যান গাড়ি রংপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যথাসময়ে তারা সমাবেশস্থলে যোগ দেবেন। কোনো বাধাই আমাদের সামনে দেয়াল হয়ে দাঁড়াতে পারবে না। যদি কোনো পক্ষ থেকে কোনো রকম বাধা দেওয়া হয় সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে, ইনশাআল্লাহ!
জলঢাকা ক্লাবের পাড় থেকে সাইকেল যোগে করে রওনা দেওয়া রাকিবুজ্জামান (২০) জানান, সকাল ৬টায় সাইকেলে করে রওনা দিয়েছি। আল্লাহর রহমতে পাগলাপীর পর্যন্ত এসেছি। ৬৫ কিলোমিটার এসেছি খুব আনন্দ পাচ্ছি। স্কুল ব্যাগে রুটি, কলা, বোতলে দুধ গরম করে সাজিয়ে দিয়েছে মা।
অটোভ্যানে আসা আশিকুর রহমান জানান, হাতিবান্ধার গড্ডিমারী থেকে আসছি কোনো কষ্ট হয়নি। পরিবহন ধর্মঘট দিয়ে সরকারের কল্যাণ বয়ে আনতে পারেননি। বরং দেশে ক্ষতি হয়েছে। এই জালিম শাহী অচিরে বিদায় নিবে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার রংপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে সমাবেশ শুরুর আগেই রংপুরের পরিবহন মালিক ও শ্রমিকরা কয়েকটি দাবিতে পরিবহন ধর্মঘট ডাকেন।
বিএনপির দাবি, সমাবেশে যেন জমায়েত কম হয় সেজন্য সরকারের ইন্ধনে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। ধর্মঘট উপেক্ষা করে বিভিন্ন উপায়ে নেতাকর্মীরা বৃহস্পতিবার রাত থেকেই রংপুর আসতে শুরু করেন। গত শুক্রবারও আশপাশের জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা রংপুরে জমায়েত হন।
গতকাল সমাবেশের মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, বিএনপি নেতাকর্মীদের হয়রানি করতে বিভিন্ন হোটেলে হোটেলে রেড দিচ্ছে পুলিশ।
গণতন্ত্র উদ্ধার, বেগম খালেদা জিয়ার মুক্তি, জনগণের দাবি নিয়ে সারাদেশে যে গণসমাবেশ শুরু হয়েছে, তাতেই আওয়ামী লীগ সরকারের ভয় ধরেছে। সমাবেশে নেতাকর্মীদের আসতে বাধা দেওয়ার চেষ্টা করছে সরকার। পরিবহন ধর্মঘট ডেকেছে।
জনতার আওয়াজ/আ আ