রাজশাহীতে শিল্প ও কৃষিভিত্তিক উন্নয়নে জোর দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৪০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজশাহীতে শিল্প ও কৃষিভিত্তিক উন্নয়নে জোর দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬ ১০:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬ ১০:৩৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

রাজশাহী অঞ্চলের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে শিল্পায়নের পাশাপাশি কৃষিভিত্তিক উন্নয়নে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিনি বলেন, কৃষিকে কেন্দ্র করে শিল্প গড়ে তোলা গেলে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে।

শুক্রবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার শিল্পায়নের সম্ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় তিন জেলার ব্যবসায়ী, কৃষি উদ্যোক্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি ও অপর উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

সভায় বক্তারা উত্তরাঞ্চলের শিল্পোন্নয়নের প্রধান বাধা হিসেবে দীর্ঘদিনের গ্যাস সংকটের বিষয়টি জোরালোভাবে তুলে ধরেন। তাদের মতে, গ্যাসের অভাবে সম্ভাবনাময় শিল্পখাত স্থবির হয়ে পড়েছে; নতুন বিনিয়োগ আসছে না, এমনকি প্রস্তুত প্রকল্পও চালু করা যাচ্ছে না। এতে কর্মসংস্থান সৃষ্টি ব্যাহত হচ্ছে এবং আঞ্চলিক অর্থনীতি কাঙ্ক্ষিত গতিতে এগোতে পারছে না।

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীতে বিসিক-২ প্রকল্প প্রস্তুত থাকলেও গ্যাস সংযোগ না থাকায় তা চালু করা সম্ভব হচ্ছে না। দ্রুত গ্যাস সংযোগ নিশ্চিত করা গেলে শিল্পায়নের গতি বাড়বে।

রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, এ অঞ্চলের টেকসই উন্নয়নে শিল্প ও কৃষি—দুই খাতকেই সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে হবে। কৃষিভিত্তিক শিল্প স্থাপনের ব্যাপক সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনীয় অবকাঠামো ও জ্বালানি সুবিধা নিশ্চিত করা গেলে উত্তরাঞ্চলে অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে।

নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ বলেন, নাটোর বিসিক এলাকায় গ্যাস সংযোগ না থাকায় বড় শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠছে না, যদিও শহরের পাশ দিয়েই গ্যাস লাইন রয়েছে।

নাটোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মতিউর রহমান বলেন, গ্যাস সরবরাহ নিশ্চিত হলে নাটোরের চামড়াশিল্প স্বনির্ভর হয়ে উঠতে পারবে।

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, গ্যাস সংকটের কারণে জেলায় উল্লেখযোগ্য শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠেনি। পাশাপাশি পর্যাপ্ত হিমাগার না থাকায় প্রতিবছর কোটি কোটি টাকার আম নষ্ট হচ্ছে, যা স্থানীয় অর্থনীতিতে বড় ধরনের ক্ষতির কারণ।

প্রধান অতিথির বক্তব্যে ড. তিতুমীর বলেন, সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি উল্লেখ করেন, এ অঞ্চলের কৃষিতে বিপুল সম্ভাবনা রয়েছে এবং স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত উৎপাদন সম্ভব হচ্ছে। কৃষিকে ঘিরে শিল্পায়ন ঘটাতে পারলে রাজশাহী অঞ্চল দ্রুত এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, মাঠপর্যায়ে কৃষির বাস্তব অবস্থা জানতে তারা সকালে সরেজমিন পরিদর্শন করেছেন। কৃষিভিত্তিক শিল্পই এ অঞ্চলের উন্নয়নের প্রধান চালিকাশক্তি হতে পারে।

বিশেষ অতিথির বক্তব্যে রেহান আসিফ আসাদ বলেন, প্রতিটি অঞ্চলের নিজস্ব বৈশিষ্ট্য কাজে লাগিয়েই সুষম উন্নয়ন সম্ভব। উত্তরাঞ্চলকে উন্নয়নের মূলধারায় আনতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

রাজশাহী জেলা প্রশাসন আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। এতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ফরিদুল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. জিল্লুর রহমানসহ তিন জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, ব্যবসায়ী ও কৃষি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে দুই উপদেষ্টা রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তারা ভগবন্তপুর এলাকায় পদ্মা নদীর তীর, সরমংলা এলাকার কৃষি কার্যক্রম এবং কলিপুরে সৌরবিদ্যুৎনির্ভর সেচ কার্যক্রম ঘুরে দেখেন। মাঠপর্যায়ের এই পরিদর্শনের মাধ্যমে কৃষি ও সেচ ব্যবস্থার বাস্তব চিত্র সম্পর্কে ধারণা নেন তারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ