রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪১, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ২১, ২০২৬ ১০:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ২১, ২০২৬ ১০:৩২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর রামিসার বাসায় যাবেন তিনি।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেসসচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী রামিসার বাসায় গিয়ে তার পরিবার-পরিজনের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তাদের সান্ত্বনা দেবেন।

পল্লবীতে গত মঙ্গলবার ৮ বছরের শিশু রামিসা আক্তারকে হত্যা করা হয়। গ্রেপ্তার আসামি সোহেল রানার জবানবন্দি অনুযায়ী, হত্যার আগে রামিসাকে ধর্ষণ করা হয়।

গতকাল বুধবার রাত প্রায় ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে এশার নামাজের পর রামিসার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দাদা-দাদির কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয় রামিসাকে।

মেয়ের দাফন সম্পন্ন করে পরে ঢাকায় ফিরে যান তার বাবা আবদুল হান্নান মোল্লা। আজ তিনি মেয়ের স্কুলেও গিয়েছিলেন বলে জানা গেছে।

এর আগে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আবদুল হান্নান মোল্লাকে বিচারব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। সেখানে তিনি বলেন, নিজের মেয়ের হত্যার বিচার তিনি চান না। তার ভাষায়, “আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না। আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই।”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ