রাষ্ট্র সংস্কারের আগে নির্বাচন হলে রাজনৈতিক পরিবেশ আরও খারাপ হবে - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাষ্ট্র সংস্কারের আগে নির্বাচন হলে রাজনৈতিক পরিবেশ আরও খারাপ হবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ৬, ২০২৪ ৮:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ৬, ২০২৪ ৮:৩৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, রাষ্ট্র সংস্কারের আগে নির্বাচন হলে দেশে রাজনৈতিক পরিবেশ আরও খারাপ হবে এবং আবারও বাংলাদেশ ভারতীয় আগ্রাসনে পরিণত হবে।

শুক্রবার (৬ আগস্ট) বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে ”বৈষম্যবিরোধী আন্দোলনে ‘শহীদ’ ছাত্র-জনতার স্মরণে” জাগপা চট্টগ্রাম মহানগর আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেশের জন্য জরুরি হলেও দেশকে ভারতীয় আগ্রাসন মুক্ত করা অনেক বেশি জরুরি। কিন্তু রাষ্ট্র সংস্কার পরিপূর্ণ না হলে নির্বাচনমূখী রাজনৈতিক পরিবেশ আবারও সংঘাতময় হবে। কারণ গত পনেরো বছরে ভোটারবিহীন আওয়ামী লীগ সরকার দেশের নির্বাচন ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো, গণতান্ত্রিক ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে এবং মানবাধিকার লঙ্ঘন করে দেশ গুম-খুনের রাজত্ব কায়েম করেছে। আওয়ামী লীগের সেই লোমহর্ষক সিন্ডিকেট গুলো ভাঙ্গতে হবে। যদিও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়েছে। কিন্তু তাদের পেতাত্মারা এখনো প্রশাসনের বিভিন্ন চেয়ারে খোলস পাল্টে বসে আছে। সুতরাং আওয়ামী লীগের দোসরদের নির্মূল করা না গেলে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখা যাবে না।

তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, ভারতীয় চক্রান্তে বাংলাদেশে পিলখানা ট্রাজেডি হয়েছিল। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র কিন্তু বাংলাদেশকে শোষণ করা হচ্ছে ভারতের প্রথম কাজ। সীমান্তে বাংলাদেশের জনগণকে পাখির মত হত্যা করা তাদের ভয়ঙ্কর চরিত্র। প্রতি বছর ভারতীয় পানি আগ্রাসনের কারণে বাংলাদেশের উত্তরাঞ্চল মরুভূমিতে পরিণত হয় আবার বর্ষা মৌসুমে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল এলাকায় বন্যায় পরিণত হয়। তাই ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার করার আগে বাংলাদেশের জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে।

রাশেদ প্রধান বলেন, ইতিহাসের কালো অধ্যায় ছিল ‘জুলাই -২৪’। বৈষম্য বিরোধী আন্দোলনে শেখ হাসিনা সরকার যেভাবে বাংলাদেশের ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করেছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানিরাও এমন হত্যাযজ্ঞ চালায়নি। শুধু তাই নয়! শেখ হাসিনার নির্দেশে ছাত্রদের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে কথাবার্তা পরিষ্কার, শেখ হাসিনার বিচার বাংলার মাটিতেই হতে হবে। আমি জাগপার পক্ষ থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি।

জাগপার প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর সভাপতি আবু মোজাফফর মো. আনাছের সভাপতিত্বে এবং জাগপার সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর জাগপার সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন এর পরিচালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এ এস এম আজাদ, চট্টগ্রাম মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-তথ্য সম্পাদক ওমর ফারুক, জামায়াতের কোতোয়ালি থানা সভাপতি মোস্তাক আহমেদ, জাগপা চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি বকুল বেগম, সাংবাদিক কামরুল ইসলাম, যুবদল নেতা সাহাবুউদ্দিন হাসান বাবু, যুব জাগপা নেতা মো. মুর্শিদ আলম, মো. রাসেল, মো. সোহেল, মো. আসিফ, মো. মাইনুউদ্দিন প্রমূখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ