লন্ডন পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:০৭, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লন্ডন পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ৬, ২০২৫ ১:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ৬, ২০২৫ ১:৫৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
এক মাস পরিবারের সদস্যদের সাথে ব্যস্ত সময় কাটিয়ে যুক্তরাজ্যের লন্ডনে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্রবধূ এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

বিমানবন্দরে স্ত্রী ডা. জুবাইদা রহমানকে অভ্যর্থনা জানান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

জুবাইদা রহমান বৃহস্পতিবার বেলা ১১টায় কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন। লন্ডনে স্বামী ও মেয়ের সাথে পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন তিনি।

বেগম খালেদা জিয়ার সাথে গত ৬ মে প্রায় ১৭ বছর পর দেশে এসেছিলেন ডা. জুবাইদা রহমান। বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা নিয়ে ওইদিন দেশে ফিরেন। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমানের সাথে ঢাকা ছেড়ে লন্ডনে পাড়ি জমান তিনি।

একই বছরের ২৬ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) কাফরুল থানায় তারেক-জুবাইদার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে। মামলায় জুবাইদাকে ৩ বছরের কারাদণ্ড এবং ৩৫ লাখ টাকা অর্থদণ্ডের সাজা দেন ঢাকার একটি আদালত। গত বছর গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তার সেই সাজা স্থগিত করা হয়। জুবাইদা দেশে এসে এ মামলায় উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন এবং বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন। শুনানি শেষে উচ্চ আদালত থেকে খালাস পান তিনি।

সূত্র : বাসস

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ