লালগালিচায় দেড় সহস্রাধিক নবীনকে বরণ করলো জাবি ছাত্রশিবির
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, নভেম্বর ১, ২০২৫ ১০:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, নভেম্বর ১, ২০২৫ ১০:১৭ অপরাহ্ণ

জাবি প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথমবর্ষের প্রায় দেড় সহস্রাধিক নবীন শিক্ষার্থীকে (৫৪তম ব্যাচ) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাবি শাখা । শনিবার (১ নভেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত হয় নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান। মিলনায়তনের প্রবেশমুখে লালগালিচা, বেলুন ও ব্যানারে সজ্জিত পরিবেশে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ এবং প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশেদুল আলম, শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম । সভাপতিত্ব করেন জাবি ছাত্রশিবিরের সভাপতি মুহিবুর রহমান মুহিব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মাহফুজুর রহমান বলেন, ‘ছাত্রশিবির নবীন শিক্ষার্থীদের জন্য যে সুন্দর ও ইতিবাচক উদ্যোগ নিয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। শিক্ষার্থীদের কল্যাণে সব সংগঠনকেই এমন কর্মসূচি গ্রহণ করা উচিত। তিনি আরও বলেন, দেশের শীর্ষ চার বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদগুলোকে সমন্বিত প্ল্যাটফর্ম গড়ে তুলে শিক্ষার্থীদের অধিকার আদায়ে একসাথে কাজ করতে হবে।’
অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘৫ আগস্টের পর একটি নতুন জাগরণ শুরু হয়েছে, যেখানে ছাত্রশিবির অগ্রণী ভূমিকা পালন করছে। অতীতে আমাদের উপর অন্যায়-জুলুম হয়েছে, শত শত ভাই শহিদ হয়েছেন; তবুও আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ চালিয়ে যাচ্ছি এবং আগামীতেও তা অব্যাহত রাখবো।’
কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেন, ‘অনেক মেধাবী শিক্ষার্থী শুধু মতাদর্শের কারণে শিক্ষক হতে পারেননি। নবীন শিক্ষার্থীদের বলবো— নিজেদের মধ্যে নামাজ কায়েম করো, ভালো মানুষের সঙ্গে থেকো, কারণ সৎ সমাজের সান্নিধ্য দুনিয়া ও আখিরাতে সাফল্য এনে দেয়। ছাত্রশিবির সেই পথের সহযাত্রী।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু, জাকসু জিএস মাজহারুল ইসলাম, প্রাক্তন শাখা সভাপতি হারুনুর রশিদ রাফি এবং অন্যান্য সাবেক দায়িত্বশীলরা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ, হল প্রভোস্ট, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে প্রদান করা হয় ইংরেজি ও বাংলা অর্থসহ পবিত্র কুরআন, আকর্ষণীয় বই, চাবির রিং, কলম, বুকমার্ক, স্টিকার ও ব্যাগ। এছাড়াও অনুষ্ঠানে সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিচালনায় ইসলামী সঙ্গীত ও নাটিকা পরিবেশন করা হয় ।
জনতার আওয়াজ/আ আ