শহর, গ্রাম সর্বত্রই চলছে আওয়ামী সন্ত্রাসীদের বেপরোয়া দৌরাত্ম্য: মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:১২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শহর, গ্রাম সর্বত্রই চলছে আওয়ামী সন্ত্রাসীদের বেপরোয়া দৌরাত্ম্য: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২২, ২০২৩ ৪:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২২, ২০২৩ ৪:০৪ অপরাহ্ণ

 

শহর থেকে গ্রাম সর্বত্রই চলছে আওয়ামী সন্ত্রাসীদের বেপরোয়া দৌরাত্ম্য বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘মহান শহীদ দিবসের মতো একটি জাতীয় অনুষ্ঠান পালন করতে গিয়েও বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা প্রমাণ করে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটি এখন সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এই মহান দিনেও বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত ও অমানুষিক হামলা-নির্যাতন বর্তমান সরকারের প্রতিহিংসাপরায়ণ রাজনীতির নির্লজ্জ বহিঃপ্রকাশ। এমনকি আওয়ামী কর্মীরা শ্রদ্ধা নিবেদনের জন্য বিএনপি নেতাকর্মীদের বহন করা ফুলের তোড়াও কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলে।’

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে ফেনীর সোনাগাজী, নড়াইল জেলার লোহাগড়া ও নেত্রকোণাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ-যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়ে গুরুতর আহত করার কাপুরুষোচিত ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘মহান শহীদ দিবসের মতো পবিত্র দিনে সরকারদলীয় সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় ফেনীর সোনাগাজীতে মো. সুজন, কামরুল হাসান, আহসান উল্যাহসহ কমপক্ষে দশ জন, নড়াইল জেলার লোহাগড়ায় মফিজুর রহমান, ওহিদুজ্জামানসহ আট জন এবং নেত্রকোণা জেলায় মো. আবুল কাশেম, প্রান্ত পাঠান, মশিউর রহমানসহ বারো জনের অধিক নেতাকর্মী আহত হয়েছে। গুরুতর আহত নেতাকর্মীরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’

মির্জা ফখরুল বলেন, ‘ভয়াবহ সন্ত্রাসের মাধ্যমে দেশের মানুষকে ভীতসন্ত্রস্ত রেখে রাষ্ট্রক্ষমতা ধরে রাখতে দেশ যেন এখন গুম, খুন, অপহরণ, হামলা-মামলা, গ্রেফতার ও নির্যাতন-নিপীড়ণের এক মহাক্ষেত্র।’

গতকাল শান্তিপূর্ণভাবে মহান দিবসের অনুষ্ঠান পালন করার সময় দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ-যুবলীগ ও আওয়ামী হামলার ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ