শিক্ষার্থীদের অভিভাবকদের নৌকায় ভোট দিতে আহ্বান শাহাজান খানের - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শিক্ষার্থীদের অভিভাবকদের নৌকায় ভোট দিতে আহ্বান শাহাজান খানের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ৩:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ৩:২৪ অপরাহ্ণ

 

অভিভাবকদের নৌকা প্রতীকে ভোট দিতে আবদার করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় মাদারীপুর সদর উপজেলার ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে শাজাহান খান বলেন, তোমরা বাড়িতে গিয়ে তোমাদের অভিভাবকদের কাছে সব সময় টাকা, খাবারসহ অনেক কিছু চাও। তবে এবার গিয়ে আবদার করবে, দেশের জন্য শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন এবং উন্নয়ন চলমান রাখতেই শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিতে হবে।

তিনি বলেন, আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় এনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। দেশের যেমন উন্নয়ন হচ্ছে, তেমনি মাদারীপুরেও অনেক উন্নয়ন হচ্ছে।

ইউ আই স্কুলের প্রশংসা করে তিনি বলেন, এই যে স্কুল, এই স্কুলে পড়াশোনা করেছেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে সময় এই স্কুল কী ছিল, আজ এই স্কুলের কত উন্নয়ন হয়েছে। তাই শেখ হাসিনার সময় যে উন্নয়ন হয়েছে, সেটা অব্যাহত রাখতেই নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান করছি।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক রহিমা খাতুন, মাদারীপুর জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ