সংসদে অভিষেক ডেপুটি স্পিকার কায়সার কামালের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মার্চ ২৯, ২০২৬ ৫:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মার্চ ২৯, ২০২৬ ৫:১৫ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতরের বিরতির পর পুনরায় শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। এ অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের অভিষেক হয়েছে।
রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় তিনি প্রথমবারের মতো অধিবেশনের সভাপতিত্ব করেন।
এর আগে ১৩ দিনের বিরতির পর সংসদের কার্যক্রম পুনরায় শুরু হয়। অধিবেশনের শুরুতেই ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করে কার্যক্রম পরিচালনা করেন কায়সার কামাল, যা সংসদে তার আনুষ্ঠানিক অভিষেক।
বিরতির সময় ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার জন্য গঠিত বিশেষ কমিটি দুটি বৈঠক করেছে। এর মধ্যে ১১৩টি অধ্যাদেশ রাখা বা বাতিল করার বিষয়ে সরকার ও বিরোধী দল একমত হয়েছে, তবে ২০টি বিষয়ে এখনো মতৈক্য হয়নি।
বিশেষ কমিটি আগামী ২ এপ্রিলের মধ্যে ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে প্রতিবেদন জমা দেবে। আর চলতি অধিবেশনে ১১ এপ্রিলের মধ্যে এসব অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে শনিবার সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে ১০ এপ্রিলের মধ্যে সব সংসদ সদস্যের জন্য আবাসন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সাউন্ড সিস্টেমের সমস্যার তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছে।
এ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা নির্ধারণ করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।
জনতার আওয়াজ/আ আ