সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ১৩, ২০২৬ ১১:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ১৩, ২০২৬ ১১:২৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
অগ্নিকাণ্ডসহ বিভিন্ন ধরনের দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে অমর একুশে বইমেলায় লিফলেট বিতরণ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বইমেলা প্রাঙ্গণে এই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেলায় আগত বিভিন্ন শ্রেণি ও পেশার দর্শনার্থীদের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেওয়া হয়। পাশাপাশি মেলায় স্থাপিত বিভিন্ন বইয়ের স্টলে কর্মরতদের মধ্যেও এসব লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণ কার্যক্রম চলাকালে আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান সামনে পড়লে তিনি আনন্দের সঙ্গে লিফলেট গ্রহণ করেন। একই সময় জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবরও লিফলেট গ্রহণ করেন এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। আইনমন্ত্রী ও আসিফ আকবরসহ উপস্থিত অনেকেই ফায়ার সার্ভিসের এ ধরনের সচেতনতামূলক উদ্যোগের প্রশংসা করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুর্ঘটনার ঝুঁকি কমাতে সচেতনতার কোনো বিকল্প নেই। সেই লক্ষ্যেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের নির্দেশনায় জনসাধারণকে সচেতন করতে অমর একুশে বইমেলায় এই লিফলেট বিতরণ কার্যক্রম নেওয়া হয়েছে। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি অংশের বিভিন্ন বইয়ের স্টল এবং মেলায় আগত দর্শনার্থীদের মধ্যে অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয় উল্লেখ করে লিফলেট বিতরণ করা হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় স্থাপিত ফায়ার সার্ভিসের অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষের সামনে থেকে এই কার্যক্রম শুরু হয়।

ফায়ার সার্ভিস নিয়মিতভাবে অগ্নিকাণ্ড প্রতিরোধে গণসংযোগ, টপোগ্রাফি কার্যক্রম, স্ট্যাটিক র‍্যালি, মহড়া এবং প্রশিক্ষণের মতো বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে থাকে। বইমেলায় লিফলেট বিতরণ সেই ধারাবাহিক উদ্যোগেরই একটি অংশ।

এ কার্যক্রমের পাশাপাশি ফায়ার সার্ভিসের জরুরি হটলাইন নম্বর ১০২ সম্পর্কেও দর্শনার্থীদের অবহিত করা হয়। এ সময় একজন দর্শনার্থী পরীক্ষামূলকভাবে ওই নম্বরে ফোন করেন। পরে তিনি প্রতিক্রিয়ায় বলেন, ‘প্রথমে ভেবেছিলাম তারা হয়তো সাড়া দেবে না। কিন্তু ফোন করার পর আমার সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ