সড়কে মর্মান্তিক দুর্ঘটনার সব দায় নিয়ে সেতু মন্ত্রীর পদত্যাগ দাবি বিএনপির
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩ ৩:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩ ৩:২৫ অপরাহ্ণ

সড়কে মর্মান্তিক দুর্ঘটনার সব দায় নিয়ে সেতু মন্ত্রীর অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়েছে বিএনপি।
গতকাল সোমবার বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এই দাবি জানানো হয় বলে মঙ্গলবার (২১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বৈঠকে গত ১৯ মার্চ তারিখে পদ্মা সেতুর শিবচর প্রান্তে বাসের ফিটনেস সার্টিফিকেট না থাকা সত্বেও এবং বাসটির রুট পারমিট বাতিল হওয়ার পরেও মহাসড়কে যাত্রী পরিবহণ করার ফলে ভয়াবহ দুর্ঘটনা ঘটার ফলে ২১টি প্রাণ ঝড়ে যাওয়ায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘এই দুর্ঘটনার জন্য সরকারের সড়ক বিভাগ সম্পূর্ণ দায়ী। এই মর্মান্তিক দুর্ঘটনার সকল দায় নিয়ে সেতু মন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত।’
বৈঠকে সুপ্রীম কোর্ট আইনজীবি সতিরি নির্বাচনকে কেন্দ্র করে সুপ্রীম কোর্ট প্রাঙ্গানে সরকার দলীয় আইনজীবী ও পুলিশের ন্যাক্কারজনক হামলা, ভাংচুর, গ্রেফতার, মিথ্যা মামলা দায়ের এবং ভাট ডাকাতি করে নির্বাচনী প্রহসন এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বলা হয়, আওয়ামী লীগ পুলিশকে বেআইনীভাবে ব্যবহার করে সুপ্রীম কোর্টের পবিত্রতা ক্ষুন্ন করেছে। আর সুপ্রীম কোর্ট আইনজীবি সমিতির নির্বাচনে ক্ষমতাসীনদের এই আচরণ প্রমান করেছে যে অবৈধ আওয়ামী লীগ সরকারের অধীনে কোনও নির্বাচনই সুষ্ঠু ও অবাধ হতে পারে না।
হজ্বের প্যাকেজ এর সর্বনিম্ন টাকার পরিমাণ হজ্ব পালনে ইচ্ছুক ধর্মপ্রাণ সাধারণ মুসলমানদের নাগালের বাইরে হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বৈঠকে বলা হয়, ‘ভারত ও পাকিস্তানে এই অর্থের পরিমাণ প্রায় অর্ধেকের মতো। আর হজ্ব প্যাকেজের অর্থের পরিমান কমিয়ে নিয়ে সাধারণ নাগরিকদের আর্থিক সক্ষমতার মধ্যে নিয়ে আসার আহ্বান জানানো হয়।
গত ১৯ মার্চ রাতে ঢাকার বনানী ক্লাব হতে সিরাজদিখান উপজেলা বিএনপির আহ্বায়ক মোমেন আলীসহ প্রায় ৫১ জনকে মিথ্যা অভিযোগে গ্রেফতার ও পরে আদালতে ২ দিন রিমান্ড মঞ্জুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েয়ে বৈঠকে বলা হয়, এই অনির্বাচিত আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনকে দমন করার জন্য এই ধরনের হীন কৌশলের আশ্রয় গ্রহণ করছে। অবিলম্বে আটককৃত ব্যক্তিদের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় বৈঠকে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ