সড়ক ছাড়লেও এখনও আমরণ অনশনে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জানুয়ারি ৩১, ২০২৫ ১:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জানুয়ারি ৩১, ২০২৫ ১:২৬ অপরাহ্ণ

তিতুমীর কলেজ প্রতিনিধি
বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা সড়ক ছেড়ে আবারও ক্যাম্পাসের মূল ফটকে অবস্থান নিয়েছেন৷ তবে সড়ক ছাড়লেও এখনো অনশন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা৷
শুক্রবার (৩১ জানুয়ারি) কলেজের প্রধান ফটক থেকে দেখা যায়, শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে অনশন কর্মসূচি পালনে অনড় অবস্থানে রয়েছে৷ এর আগে গতকাল রাজধানীর তিতুমীর কলেজের সামনে মহাখালী থেকে গুলশান সড়কে, দাবি আদায়ে রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা৷ এসময় তারা রাষ্ট্রপক্ষের কাছে ৭ দফা দাবি তুলে ধরে৷
দীর্ঘসময় ধরে অনশন কর্মসূচি পালন করায় ইতোমধ্যে অসুস্থ হতেও দেখা গেছে একাধিক শিক্ষার্থীকে৷ এর আগে গতকাল গুরুতর অবস্থায় তিনজনকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিতে দেখা যায়৷ আজ সকালেও একজন শিক্ষার্থীকে হাসপাতালে নিতে দেখা যায়৷
এর আগে গতকাল রাতে শিক্ষার্থীদের অনশন ভাঙাতে তিতুমীর কলেজে আসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কলেজ-১ অধিশাখার যুগ্ম সচিব মো. নুরুজ্জামান। তবে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের দাবির মুখে তিনিও কলেজ ছাড়েন৷
জনতার আওয়াজ/আ আ