সন্ত্রাসীদের গুলিতে রাজবাড়ীর নিজ বাড়িতে ছাত্রলীগ নেতার মৃত্যু - জনতার আওয়াজ
  • আজ রাত ২:২২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সন্ত্রাসীদের গুলিতে রাজবাড়ীর নিজ বাড়িতে ছাত্রলীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ২৪, ২০২৩ ১:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ২৪, ২০২৩ ১:৫৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

রাজবাড়ীর নিজ বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন জেলার সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ সুমন সবুজ (২৮) এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে আরো ২ জন।

রবিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকায় সবুজের বাড়িতে এ ঘটনা ঘটে।

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকার শামসুল আলম ওরফে কালা বাবুর ছেলে নিহত সবুজ শেখ। সেই সঙ্গে বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদের ভাতিজা। আহতরা একই এলাকার সজীব হোসেন ও মহায় মমীন।

নিহত সবুজের চাচা বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ জানান, সবুজ রাত সাড়ে ৯টার সময় উড়াকান্দা পদ্মা নদীর পাড়ে অবস্থিত গল্পগৃহ রিসোর্ট থেকে বাড়িতে এসে বন্ধুদের নিয়ে ঘরের মধ্যে হিসেব করছিল। এমন সময় বাড়ির সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে এক দল সন্ত্রাসী বাড়িতে প্রবেশ করে জানালা দিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে পালিয়ে যায়। এতে সবুজের মাথায় কয়েকটি গুলি লাগে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সবুজ, তার বন্ধু সজীব ও স্পীডবোট চালক মহায় মমীনসহ মোট ৯ জন সবুজের নিজ বাড়ির রুমে বসে গল্প করছিলেন। এ সময় তার ঘরের জানালা দিয়ে দুর্বৃত্তরা গুলি ছুড়লে তারা তিনজনই গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। সবুজ ছাত্রলীগের একজন নিবেদিত নেতা ছিলেন। তার মৃত্যুর কারণ উদঘাটন করে দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সালাহউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, বিষয়টি দুঃখজনক। এ ঘটনার জড়িতদের কেউ পার পাবে না। পুলিশ এরইমধ্যে বিভিন্নভাবে কাজ শুরু করেছে। দোষীদের আইনের আওতায় নিয়ে আসা হবে। ঘটনাস্থলসহ আশপাশে পুলিশি টহল জোরদারসহ তদন্ত চলমান আছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ