সমাবেশ ঘিরে ইতিবাচক মনোভাব পুলিশের, কর্মীদের রাস্তা ছাড়ার অনুরোধ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৩০, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সমাবেশ ঘিরে ইতিবাচক মনোভাব পুলিশের, কর্মীদের রাস্তা ছাড়ার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৭, ২০২৩ ৮:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৭, ২০২৩ ৮:২৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির শনিবারের (২৮ অক্টোবর) মহাসমাবেশে অংশগ্রহণের লক্ষ্যে এক দিন আগেই ঢাকার নয়া পল্টন এলাকায় দলটির নেতাকর্মীদের উপস্থিতি বাড়ছে। অন্যদিকে পুলিশ বাহিনীর ব্যপক উপস্থিতির সাথে একটি জলকামান ও একটি রয়টার কার প্রস্তুত রাখা হয়েছে বিএনপি পার্টি অফিসের সামনে।

এদিকে, বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত ঠিক আছে বলে মন্তব্য করেছেন পুলিশের মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম খান। বিএনপির মহাসমাবেশ ঘিরে পুলিশের ইতিবাচক মনোভাব রয়েছে বলেও জানান তিনি।

রাস্তায় যান চলাচল নির্বিঘ্ন করতে ও সরে যেতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস নিজে এসে নেতাদের নির্দেশ দিয়ে গেছেন।

শুক্রবার (২৭ অক্টোবর) নয়া পল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপস্থিতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি দেখতে এসে মতিঝিল বিভাগের ডিসি এ মন্তব্য করেন।

সন্ধ্যায় সরেজমিনে নয়া পল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, এক দিন হাতে রাখতেই বিএনপির ডাকা মহাসমাবেশে উপস্থিত হতে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন দলীয় নেতাকর্মীরা। জুমার নামাজের পর পরই নয়াপল্টন এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। বিকেল হতেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বড় ধরনের জনসমাগম হয়। এ সময় তারা খণ্ড খণ্ড দলে ভাগ হয়ে সরকার বিরোধী স্লোগান দিতে থাকেন।

এদিকে বিকেলে পুলিশের সংখ্যা কম থাকলেও সন্ধ্যার পরই বিপুল পুলিশ সংখ্যক পুলিশ উপস্থিত হন ও সতর্ক অবস্থান নেন। এ সময় পুলিশ বাহিনীর সাথে একটি জলকামান ও একটি রয়টার কার প্রস্তুত রাখা হয়।

এদিকে অধিক পুলিশের উপস্থিতিতে ভীতি পরিবেশ বিরাজ করছে নয়াপল্টন এলাকায়। দলের সিনিয়র নেতারা বারবার মাইকিং করে নেতাকর্মীদের যার যার বাসায় চলে যেতে বলেছেন। তবে বিএনপির নেতাকর্মীরা এলাকা ছাড়ছেন না।

তবে, আগামীকাল ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত ঠিক আছে বলে মন্তব্য করেছেন পুলিশের মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম খান।

তিনি বলেন, তারা এখানে কাজ করুক। যদি পরিপূর্ণভাবে এই অংশের শৃঙ্খলা না আসে, তখন আমরা আমাদের আইনি ব্যবস্থা নিব। তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত ঠিক আছে। আমরা এই পরিস্থিতিকে ইতিবাচকভাবে দেখছি।

ডিসি হায়াতুল ইসলাম খান বলেন, আমরা বিএনপি পার্টি অফিসের সামনে উৎসুক জনতাকে দেখছি। এই মুহূর্তে রাস্তার দুই পাশে যান চলাচল স্বাভাবিক আছে। আমরা এই পরিস্থিতিকে ইতিবাচকভাবে দেখছি।

বিএনপির পক্ষ থেকে অভিযোগ আসছে সরকারের পক্ষ থেকে উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি করা হচ্ছে এ বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে ডিসি মতিঝিল বলেন, কেন উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হচ্ছে, এটা এখানে যারা জড়ো হচ্ছে তারাই ভালো বলতে পারবেন।

তিনি বলেন, আমাদের ডিএমপি কমিশনারের পক্ষ থেকে বলা হয়েছে, এই দুটি রাজনৈতিক দলের পাশাপাশি বেশ কিছু রাজনৈতিক দলের সমাবেশের জন্য অনুমতিপত্র ডিএমপিতে আছে। সেখানে সিদ্ধান্ত দেবার পরই সমাবেশের কার্যক্রম তারা পরিচালনা করতে পারবে। যেহেতু এই সিদ্ধান্ত এখনো আসেনি, তাই আমরা নেতাকর্মীদের অনুরোধ করেছি আপনারা কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না। দুই পাশের রাস্তার যানচলাচল স্বাভাবিক রাখবেন। যাতে করে এখানের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনশৃঙ্খলা বিপন্ন না হয়।

ডিসি হায়াতুল ইসলাম খান বলেন, যদি আমরা দেখি এখানে জনশৃঙ্খলা বিঘ্ন হচ্ছে তাহলে আমরা এর ব্যবস্থা নেব। আমি ব্যক্তিগতভাবে কয়েকজন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে অনুরোধ করেছি, আপনারা আপনাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করেন। যাতে যানচলাচলের কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। তারাও আমাদের জানিয়েছেন তারা নেতাকর্মীদের পার্টি অফিসের সামনে থেকে সরানোর ব্যবস্থা নিচ্ছেন। বিএনপির সিনিয়র নেতাকর্মীরা ইতিবাচকভাবে আমাদের কথার সাড়া দিয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ