সরকারি চাকরিতে অগ্রাধিকারসহ যেসব সুবিধা পাবেন ‘জুলাই যোদ্ধারা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকারি চাকরিতে অগ্রাধিকারসহ যেসব সুবিধা পাবেন ‘জুলাই যোদ্ধারা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ২৫, ২০২৫ ২:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ২৫, ২০২৫ ২:১২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি
সরকারি ও বেসরকারি চাকরিতে জুলাই শহীদ পরিবারের সদস্যরা অগ্রাধিকার পাবেন। এ ছাড়া প্রত্যেক জুলাই শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা পাবে। অন্তর্বর্তী সরকারের গেজেট অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানে ‘জুলাই শহীদ’ এর সংখ্যা ৮৩৪ জন। এই গেজেট অনুযায়ী তাদের পরিবার এককালীন টাকা ও চাকরিতে অগ্রাধিকার পাবে।

এদিকে চব্বিশের গণ-অভ্যুত্থানে আহত ‘জুলাই যোদ্ধারা’ আগামী মাস থেকে মাসিক ভাতা পাবেন। এর পাশাপাশি তাঁরা আজীবন সরকারি হাসপাতালগুলোতে বিনা খরচে চিকিৎসা পাবেন।

সম্প্রতি বাসসকে এসব তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম।

তিনি জানান, স্বীকৃতিপ্রাপ্ত ‘জুলাই যোদ্ধারা’ ক্যাটাগরি অনুযায়ী এককালীন ও মাসিক ভাতা পাবেন।

জুলাই অভ্যুত্থানের শহীদদের ‘জুলাই শহীদ’ এবং আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়ে নাম ঘোষণা করা হয়েছে। আহতরা এ, বি, সি—এই তিন ক্যাটাগরিতে মাসিক ভাতা পাবেন। ক্যাটাগরি অনুযায়ী মাসিক ভাতার পরিমাণ যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা। সে অনুযায়ী সনদ ও পরিচয়পত্রও দেওয়া হচ্ছে।
মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা জানান, গেজেট আকারে ৮৩৪ জন জুলাই শহীদের তালিকা প্রকাশিত হয়েছে। সে অনুযায়ী প্রত্যেক জুলাই শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা পাবে। শহীদ পরিবারের সক্ষম সদস্যরা অগ্রাধিকার পাবেন সরকারি ও আধাসরকারি চাকরিতে।

তিনি বলেন, আহত জুলাই যোদ্ধাদের মধ্যে যাঁরা চিকিৎসা নেওয়ার পরও অন্যের সহায়তা ছাড়া জীবন যাপন করতে পারছেন না, যেমন—যাঁর দুটি চোখই অন্ধ হয়ে গেছে অথবা এমন অঙ্গহানি হয়েছে, যার কারণে তাঁর পক্ষে একা চলাফেরা করা অসম্ভব, তাঁরা ‘এ’ ক্যাটাগরির জুলাই যোদ্ধা হিসেবে বিবেচিত হবেন। এই ক্যাটাগরিতে রয়েছেন ৪৯৩ জন।

তাঁরা এককালীন পাঁচ লাখ টাকাসহ মাসিক ২০ হাজার টাকা করে ভাতা পাবেন।
ক্যাটাগরি ‘বি’তে রয়েছেন ৯০৮ জন, যাঁরা গুরুতর আহত হয়ে চিকিৎসা নিয়েছেন, কিন্তু অন্যের সহায়তা ছাড়া মোটামুটি চলাফেরা করতে পারেন; যেমন—যাঁদের এক চোখ বা এক পা নষ্ট হয়ে গেছে বা এমন অঙ্গহানি হয়েছে যে তাঁরা একা মোটামুটি চলতে-ফিরতে পারেন। তাঁরা এককালীন তিন লাখ টাকা পাবেন আর মাসিক ভাতা পাবেন ১৫ হাজার টাকা করে। সঙ্গে প্রশিক্ষণ ও অগ্রাধিকার ভিত্তিতে সরকারি ও আধাসরকারি চাকরি পাবেন।

চিকিৎসার পর বর্তমানে যাঁরা সুস্থ, তাঁদের ‘সি’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা। তিনি বলেন, ১০ হাজার ৬৪২ জনকে এই ক্যাটাগরিতে তালিকাভুক্ত করা হয়েছে। তাঁরা এককালীন এক লাখ টাকা পেয়েছেন। এ ছাড়া আগামী মাস থেকে ১০ হাজার টাকা করে মাসিক ভাতা পাবেন; সঙ্গে পাচ্ছেন পুনর্বাসন সুবিধা।

তিনি বলেন, ৮৩৪ শহীদ পরিবারের মধ্যে ১৩৪ জনের পরিবারকে ওয়ারিশ জটিলতার কারণে পাওনা পরিশোধে বিলম্ব হচ্ছে। তা-ও অতি দ্রুত সমাধান করা সম্ভব হবে। আহত যোদ্ধাদের তালিকায় যেসব ভুল পরিলক্ষিত হয়েছে, তদন্ত সাপেক্ষে তারও সমাধান করা হচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ